সাতক্ষীরায় গরুবোঝাই ইঞ্জিনভ্যান খাদে পড়ে নিহত ২

সাতক্ষীরায় গরুবোঝাই ইঞ্জিনভ্যান খাদে পড়ে নিহত ২

ফন্ট সাইজ:

সাতক্ষীরা-খুলনা মহাসড়কে গরুবোঝাই একটি ইঞ্জিনভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে চালকসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দু’জন। বৃহস্পতিবার সকাল ১১টার দিকে পাটকেলঘাটা থানার কুমিরার বালিগাদার মোড় সংলগ্ন একটি ইটভাটার পাশে এ দুর্ঘটনা ঘটে। নিহত ইঞ্জিনভ্যানচালক ইশার আলী (৬০) সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর এলাকার বাসিন্দা। আহতদের মধ্যে একজনকে হাসপাতালে নেয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন। তাৎক্ষণিকভাবে তার নাম-পরিচয় জানা যায়নি।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে ইশার আলী, মো. মামুন হোসেন, মোতালেব হোসেন ও মো. আমিনুল ইসলাম তিনটি গরুবোঝাই ইঞ্জিনভ্যানে করে সাতক্ষীরার আবাদের হাট থেকে খুলনার ডুমুরিয়া উপজেলার খর্নিয়া এলাকার উদ্দেশ্যে রওনা দেন। কুমিরার বালিগাদার মোড়ে পৌঁছালে ভ্যানটির পেছনের চাকা পাঙ্কচার হয়ে যায়। এতে চালক নিয়ন্ত্রণ হারালে গাড়িটি সড়কের পাশের গভীর খাদে পড়ে উল্টে যায়। দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত এগিয়ে এসে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠান। ঘটনাস্থলেই ইশার আলীর মৃত্যু হয়। গুরুতর আহত তিনজনকে সাতক্ষীরা সদর হাসপাতালে নেয়া হলে তাদের মধ্যে আরও একজন মারা যান। বাকি দু’জন চিকিৎসাধীন রয়েছেন।
পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এএইচএম লুৎফল কবির বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে একজন এবং হাসপাতালে নেয়ার পর আরও একজনের মৃত্যু হয়েছে। মরদেহ দু’টি ময়নাতদন্তের প্রস্তুতি চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। স্থানীয়দের অভিযোগ, মহাসড়কের ওই অংশে প্রায়ই দুর্ঘটনা ঘটছে। অতিরিক্ত বোঝাই ও ঝুঁকিপূর্ণভাবে চলাচলই এমন দুর্ঘটনার অন্যতম কারণ বলে তারা মনে করছেন।



কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন