আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় নুরিস্তান প্রদেশে মৌসুমি আকস্মিক বন্যায় কমপক্ষে ২০ জন নিহত হয়েছেন। ভয়াবহ এই বন্যার ফলে আরো ১০০ জনের অধিক নিখোঁজ রয়েছেন বলেও জানিয়েছে দেশটির দুর্যোগ বিষয়ক কর্মকর্তা। নুরিস্তান গভর্নরের কার্যালয় জানিয়েছে, সোমবার এই বন্যা আঘাত হানে, যা প্রদেশের প্রধান শহর পারুনের বহু ঘরবাড়ি ও দোকানপাট ধ্বংস করে দিয়েছে। এ খবর দিয়েছে অনলাইন আল জাজিরা।
গত কয়েক সপ্তাহে এই মৌসুমি বৃষ্টি সমগ্র অঞ্চলজুড়ে ব্যাপক তাণ্ডব চালিয়েছে, যার ফলে ভারত ও নেপালেও বহু মানুষের মৃত্যু হয়েছে। আফগানিস্তান ন্যাশনাল ডিসাস্টার ম্যানেজমেন্ট অথরিটির তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত অন্তত ২০টি মরদেহ উদ্ধার করা হয়েছে এবং ৮০ জনেরও বেশি মানুষ আহত হয়েছেন। পাকিস্তানের সীমান্তবর্তী নুরিস্তানের পারুন ও অন্যান্য এলাকায় এই হতাহতের খবর পাওয়া গেছে। গভর্নরের কার্যালয় জানিয়েছে, প্রাদেশিক রাজধানীর মেয়রসহ বেশ কয়েকজন আঞ্চলিক কর্মচারী নিখোঁজ ব্যক্তিদের মধ্যে রয়েছেন। মরদেহ উদ্ধার এবং নিখোঁজদের খুঁজে বের করার প্রচেষ্টাসহ অনুসন্ধান ও উদ্ধার অভিযান শুরু করেছে প্রাদেশিক দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের কর্মকর্তারা।
স্থানীয় এনজিও ‘শপুল’ এর প্রধান আশিকুল্লাহ সাফির বার্তা সংস্থা এএফপিকে বলেন, বন্যায় পৌরসভা ভবনটি সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। প্রতিবেদন অনুযায়ী, হোটেল এবং কয়েক ডজন দোকানপাট ধ্বংস হয়েছে। তিনি জানান, বন্যার পানি পুরো শহরে বিশাল বিশাল পাথর ছড়িয়ে ছিটিয়ে রেখে যাওয়ার পর বাসিন্দারা কার্যকরী যন্ত্রপাতি ছাড়াই ধ্বংসস্তূপের মধ্যে অনুসন্ধান চালাচ্ছেন। প্রতিবেশী পাকিস্তান ও ভারতের মতো আফগানিস্তানও চরম আবহাওয়া, বিশেষ করে ঋতুভিত্তিক বৃষ্টির পর আকস্মিক বন্যার ক্ষেত্রে অত্যন্ত ঝুঁকিপূর্ণ। এ বছরের জুন মাস থেকে দক্ষিণ এশিয়াজুড়ে মৌসুমি বায়ুর প্রভাবে বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে, যার ফলে একের পর এক দেশে ভারী বৃষ্টিপাত, বন্যা ও ভূমিধসের ঘটনা ঘটছে।
সোমবার উত্তর ও উত্তর-পূর্ব ভারতজুড়ে বন্যা ও ভূমিধসে অন্তত ২৫ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। পারুন শহরটি জম্মু থেকে ৪৬৫ কিলোমিটার (২৯০ মাইল) দূরে অবস্থিত, যেখানে একটি আকস্মিক বন্যা ব্যাপক ক্ষয়ক্ষতি সাধন করেছে। প্রতিবেশী নেপালে, জুন মাসের মাঝামাঝি থেকে মৌসুমি বন্যা, ভূমিধস ও বজ্রপাতে ২৭ জন নিহত, ১ জন নিখোঁজ এবং ৬৯ জন আহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির ন্যাশনাল ডিসাস্টার রিস্ক রিডাকশন অ্যান্ড ম্যানেজমেন্ট অথরিটি। আফগানিস্তানের পরিবেশ সুরক্ষা সংস্থার প্রধান মওলভী মতিউল হক খালিস জানান, এই মাসে দেশে বন্যার প্রাদুর্ভাব বেড়েছে। তিনি সতর্ক করে দিয়ে বলেছেন, পরিবেশগত এই সমস্যাগুলো একটি বড় মানবিক সংকট তৈরি করেছে।
