নাটোরে যুবককে হত্যা মামলায় দুইজনের যাবজ্জীবন

ফন্ট সাইজ:

নাটোরের সিংড়ায় আব্দুল কাহার ওরফে আতিক নামে এক যুবককে হত্যা মামলায় মাসুদ রানা ও মিজানুর রহমান মিন্টু নামে দুইজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়েছে। এ ছাড়া তাদের ১০ লাখ টাকা করে জরিমানা এবং অনাদায়ে আরও ৩ বছরের কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার দুপুরে নাটোরের অতিরিক্ত দায়রা জজ আদালত-৪ এর বিচারক দেলোয়ার হোসেন এই রায় প্রদান করেন। দণ্ডপ্রাপ্তরা সিংড়ার বড়গ্রাম দক্ষিণপাড়া এলাকার মৃত আব্দুল মজিদ মণ্ডলের ছেলে মাসুদ রানা ও একই এলাকার মৃত ফজলার রহমানের ছেলে মিজানুর রহমান মিন্টু। মামলার এজাহার সূত্রে রাষ্ট্রপক্ষের আইনজীবী রুহুল আমিন তালুকদার টগর বলেন, গত ২০১৪ সালের ২৪শে ডিসেম্বর সন্ধ্যায় আব্দুল কাহার ওরফে আতিককে তার পরিচিত কয়েকজন ব্যক্তি বাড়ি থেকে ডেকে নিয়ে যায়।
দীর্ঘ সময় কাহার বাড়িতে না ফিরলে বিভিন্নস্থানে খোঁজাখুঁজি শুরু করে পরিবারের সদস্যরা। কিন্তু কোথাও তার কোনো সন্ধ্যান পাওয়া যায়নি। পরদিন সকালে বাড়ির অদূরে একটি পুকুরপাড়ে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় নিহতের বাবা আব্দুর রশীদ বাদী হয়ে চারজনের নামসহ অজ্ঞাত আরও চার থেকে পাঁচজনকে অভিযুক্ত করে সিংড়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর পুলিশ তদন্ত শুরু করে এবং পরে মিন্টু ও মাসুদকে আটক করে। পুলিশি জিজ্ঞাসাবাদে তারা কাহারকে হত্যার কথা স্বীকার করলে তাদের বিরুদ্ধে প্রতিবেদনসহ আদালতে প্রেরণ করা হয়।



কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন