জুলাই-আগস্টের হত্যা মামলা

জামিন পেলেন বদি ও আইভী

ফন্ট সাইজ:

জুলাই-আগস্টের হত্যা মামলায় কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক সংসদ সদস্য আবদুর রহমান বদিকে জামিন দিয়েছেন হাইকোর্ট। একইসঙ্গে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সময় দায়ের হওয়া চারটি হত্যা মামলাসহ মোট পাঁচ মামলায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীকেও জামিন দিয়েছেন হাইকোর্ট। বৃহস্পতিবার হাইকোর্টের পৃথক বেঞ্চে তাদের জামিন মঞ্জুর করেন।
বদির বিষয়ে বিচারপতি মো. আতোয়ার রহমান ও বিচারপতি বিশ্বজিৎ দেবনাথের বেঞ্চ তাকে ছয় মাসের জামিন দেন। তার পক্ষে আদালতে শুনানি করেন- আইনজীবী পূর্ণিমা জাহান। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. এমরান খান। পরে তিনি বলেন, এই মামলায় আবদুর রহমান বদিকে অর্থের জোগানদাতা হিসেবে উল্লেখ করা হয়েছে। আমরা জামিনের বিরোধিতা করেছিলাম। হাইকোর্ট জামিন দিয়েছেন। এই জামিনের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করা হবে।
২০২৪ সালের ২০শে আগস্ট চট্টগ্রামের পাঁচলাইশ এলাকা থেকে হত্যা মামলায় বদিকে গ্রেপ্তার করে র‌্যাব। আওয়ামী লীগের প্রার্থী হিসেবে নবম ও দশম জাতীয় সংসদ নির্বাচনে তিনি সংসদ সদস্য নির্বাচিত হন। দুর্নীতির মামলায় সাজাপ্রাপ্ত হওয়ায় একাদশ ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বদির পরিবর্তে তার স্ত্রী শাহীন আক্তারকে মনোনয়ন দেয় আওয়ামী লীগ। পরবর্তীতে তিনি দুই দফায় সংসদ সদস্য নির্বাচিত হন।
টেকনাফে ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর, লুটপাট ও হামলার অভিযোগে আবদুর রহমান বদিকে প্রধান আসামি করে ২০২৪ সালের আগস্টে ৩৩ জনের বিরুদ্ধে একটি মামলা হয়। এতে টেকনাফ উপজেলা পরিষদের চেয়ারম্যান জাফর আহমেদকেও আসামি করা হয়। কক্সবাজার জেলা বিএনপি’র অর্থ সম্পাদক মোহাম্মদ আবদুল্লাহ বাদী হয়ে টেকনাফ থানায় অভিযোগটি দায়ের করেন। মামলায় অজ্ঞাতনামা প্রায় ৭০ জনকেও আসামি করা হয়।
অন্যদিকে আইভীর বিষয়ে বিচারপতি কেএম জাহিদ সারওয়ার কাজলের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ ছয় মাসের অন্তর্বর্তীকালীন জামিন দেন। আদালতে আইভীর পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার সারা হোসেন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আশিকুজ্জামান নজরুল।
পাঁচ মামলার মধ্যে চারটি ফতুল্লা থানায় করা হত্যা মামলা এবং অপরটি হামলা ও সরকারি কাজে বাধা দেয়ার অভিযোগে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় করা। নিম্ন আদালতে জামিন না পেয়ে হাইকোর্টে আবেদন করেন কারাগারে থাকা আইভী। গত বছরের ৯ই মে ভোরে নারায়ণগঞ্জ শহরের দেওভোগের বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে তিনটি হত্যা মামলা ও দু’টি হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার দেখানো হয়।
গত বছরের ৯ই নভেম্বর এই পাঁচ মামলায় হাইকোর্ট থেকে জামিন পান আইভী। তবে রাষ্ট্রপক্ষ আপিল বিভাগে আবেদন করলে ১২ই নভেম্বর চেম্বার আদালত সেই জামিন স্থগিত করেন। আবেদনগুলো আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে শুনানির অপেক্ষায় রয়েছে।
আইভীর আইনজীবী মোতাহার হোসেন সাজু বলেন, এজাহারে তার নাম না থাকা, দীর্ঘদিন কারাবন্দি থাকা এবং তদন্তে অগ্রগতি না থাকার বিষয় তুলে ধরে জামিন চাওয়া হয়। শুনানি শেষে হাইকোর্ট রুল জারি করে ছয় মাসের অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছেন। তবে অপর পাঁচ মামলায় জামিন স্থগিত থাকায় এখনই তার কারামুক্তি হচ্ছে না। হাইকোর্টের জামিন আদেশের বিরুদ্ধে পরবর্তী পদক্ষেপ নিতে অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে নোট দেয়া হয়েছে বলে জানিয়েছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী।


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন