ডিসি অফিসের বন্ধ গেট খুলে দেয়ার দাবি ঢাকা আইনজীবী সমিতির

ডিসি অফিসের বন্ধ গেট খুলে দেয়ার দাবি ঢাকা আইনজীবী সমিতির

ফন্ট সাইজ:

ঢাকা জেলা প্রশাসকের (ডিসি) কার্যালয়ের মূল ভবনের নিচতলার দক্ষিণ পাশের দীর্ঘদিনের চলাচলের গেটগুলো অফিস চলাকালীন সময়ে পুনরায় খুলে দেওয়ার দাবি জানিয়েছে ঢাকা আইনজীবী সমিতি। গেটগুলো তালাবদ্ধ করে ইটের প্রাচীর নির্মাণের ফলে প্রতিদিন হাজার হাজার বিচারপ্রার্থী, আইনজীবী ও আদালত সংশ্লিষ্ট ব্যক্তিরা চরম ভোগান্তির শিকার হচ্ছেন বলে অভিযোগ করা হয়েছে।

সোমবার ঢাকা আইনজীবী সমিতির সভাপতি মো. আনোয়ার জাহিদ ভূঁইয়া ও সাধারণ সম্পাদক মোহাম্মদ আবুল কালাম খান স্বাক্ষরিত এক চিঠিতে ঢাকা জেলা প্রশাসকের কাছে এ দাবি জানানো হয়।

চিঠিতে বলা হয়, ঢাকা জেলা প্রশাসকের কার্যালয়ের দক্ষিণ পাশেই ঢাকা জেলা ও দায়রা জজ আদালত অবস্থিত। এছাড়া একই এলাকায় ঢাকা আইনজীবী সমিতিসহ বিভিন্ন আদালত ভবন রয়েছে। ব্রিটিশ আমল থেকে ওই দক্ষিণ পাশের একাধিক গেট ব্যবহার করে বিচারপ্রার্থী সাধারণ মানুষ, আইনজীবী ও আদালতসংশ্লিষ্ট ব্যক্তিরা নিয়মিত যাতায়াত করে আসছেন। বিশেষ করে পেশাগত দায়িত্ব পালনের প্রয়োজনে আইনজীবীদের দিনে একাধিকবার এসব গেট ব্যবহার করতে হয়। কিন্তু সম্প্রতি গেটগুলোতে তালা লাগিয়ে এবং ইটের দেয়াল তুলে চলাচল সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়েছে।

আইনজীবী সমিতির দাবি, এ সিদ্ধান্তে সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন প্রবীণ, অসুস্থ এবং হাঁটু ও কোমরের ব্যথাসহ বিভিন্ন শারীরিক সমস্যায় ভোগা আইনজীবী ও বিচারপ্রার্থীরা। বিকল্প হিসেবে তৈরি করা পথ দিয়ে চলাচলের সময় সিঁড়ি ব্যবহার করতে হওয়ায় বয়স্ক ও অসুস্থ ব্যক্তিদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।

চিঠিতে আরও উল্লেখ করা হয়, আগে দক্ষিণ পাশের গেট ব্যবহার করে মাত্র দুই থেকে তিন মিনিটের মধ্যে ঢাকা জেলা ও দায়রা জজ আদালত, মহানগর দায়রা জজ আদালত থেকে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত এবং চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (সিজেএম) আদালতে যাতায়াত করা সম্ভব হতো। বর্তমানে দীর্ঘ পথ ঘুরে যেতে হচ্ছে। এতে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) আদালতসহ বিভিন্ন নির্বাহী আদালতে পৌঁছাতে অতিরিক্ত সময় লাগছে এবং বিচারপ্রার্থী ও আদালতসংশ্লিষ্টদের মূল্যবান সময় নষ্ট হচ্ছে।

চিঠিতে প্রশাসনের উন্নয়নমূলক কর্মকাণ্ডের প্রতি সমর্থন জানিয়ে বলা হয়, উন্নয়নের পাশাপাশি সাধারণ মানুষের দুর্ভোগ লাঘব করাও প্রশাসনের অন্যতম দায়িত্ব। তাই মানবিক বিষয় বিবেচনায় অন্তত একটি গেট জরুরি ভিত্তিতে খুলে দেওয়ার প্রয়োজন রয়েছে। বিচারপ্রার্থী ও আইনজীবীদের স্বার্থে বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য জেলা প্রশাসকের প্রতি আহ্বান জানিয়েছে ঢাকা আইনজীবী সমিতি। চিঠির অনুলিপি অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) এবং নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি), ঢাকার কাছেও পাঠানো হয়েছে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন