নিউ ইয়র্কের ব্যস্ততা শেষে ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় পৌঁছেছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। সেখানে ২২ থেকে ২৪ জুলাই পর্যন্ত অবস্থান করবেন তিনি।
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, ম্যানিলায় অনুষ্ঠিতব্য আসিয়ান রিজিওনাল ফোরামের (এআরএফ) ৩৩তম মন্ত্রী পর্যায়ের বৈঠক এবং সংশ্লিষ্ট আসিয়ান পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকগুলোতে বাংলাদেশের প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন তিনি।
কূটনৈতিক সূত্র জানায়, ম্যানিলায় অবস্থানকালে রাশিয়া, চীন, সিঙ্গাপুর, শ্রীলঙ্কা, অস্ট্রেলিয়া এবং ইউরোপীয় ইউনিয়নের ভাইস প্রেসিডেন্ট ও পররাষ্ট্রনীতিবিষয়ক প্রধানের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর একাধিক দ্বিপক্ষীয় (সাইডলাইন) বৈঠক হওয়ার কথা রয়েছে। এসব বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্ক, বাণিজ্য, বিনিয়োগ, আঞ্চলিক নিরাপত্তা এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে।
এদিকে প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরও ম্যানিলায় পৌঁছেছেন। তিনিও এআরএফের বিভিন্ন অধিবেশন এবং নির্ধারিত বৈঠকে বাংলাদেশের প্রতিনিধিদলের সঙ্গে অংশ নেবেন।
এর আগে গত ১০ জুলাই ঢাকা ছেড়ে তিন দেশ সফরে বের হন পররাষ্ট্রমন্ত্রী। সফরের প্রথম গন্তব্য ছিল নিউইয়র্ক। সেখানে জাতিসংঘের ৮১তম সাধারণ অধিবেশনের প্রস্তুতি-সংক্রান্ত বিভিন্ন কর্মসূচিতে অংশ নেয়ার পর তিনি ম্যানিলায় পৌঁছান। সফরের পরবর্তী গন্তব্য মালদ্বীপ। সেখানে দেশটির জাতীয় দিবসের অনুষ্ঠানে অংশ নেওয়ার পাশাপাশি কয়েকটি আনুষ্ঠানিক কর্মসূচিতেও যোগ দেবেন তিনি। সবশেষে আগামী ২৭ জুলাই তার দেশে ফেরার কথা রয়েছে।
