নেত্রকোণায় উপদাখালি নদীর পানি বিপৎসীমার ওপরে, প্লাবিত নিম্নাঞ্চল

পাহাড়ি ঢল

নেত্রকোণায় উপদাখালি নদীর পানি বিপৎসীমার ওপরে, প্লাবিত নিম্নাঞ্চল

ফন্ট সাইজ:

পাহাড়ি ঢলের প্রভাবে নেত্রকোণার প্রধান নদ-নদীগুলোর পানি দ্রুত বৃদ্ধি পাচ্ছে। এর মধ্যে কলমাকান্দা পয়েন্টে উপদাখালি নদীর পানি বিপৎসীমার ১৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে বলে জানিয়েছেন জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী শাখাওয়াত হোসেন। সোমবার সকাল ৯টার পর্যবেক্ষণ কেন্দ্রের তথ্যের ভিত্তিতে তিনি জানান, জেলার সোমেশ্বরী, ধনু, মগড়া ও কংশ নদীর পানিও বাড়ছে। তবে এসব নদীর পানি এখনও বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

খালিয়াজুরী পয়েন্টে ধনু নদীর পানি বিপৎসীমার ১ দশমিক ২১ মিটার নিচে রয়েছে। আটপাড়া উপজেলার মগড়া নদীর পানি বিপৎসীমার ৫০ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এছাড়া জারিয়া পয়েন্টে কংশ নদীর পানি বিপৎসীমার ১ দশমিক ৩২ মিটার নিচে রয়েছে। সোমেশ্বরী নদীর বিজয়পুর পয়েন্টে নদীটির পানি বিপৎসীমার ৩ দশমিক ১০ মিটার এবং দুর্গাপুর পয়েন্টে ১ দশমিক ৭৩ মিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

রাতের পাহাড়ি ঢলের পানিতে কলমাকান্দা উপজেলার খারনৈ ও নাজিরপুর ইউনিয়নের কয়েকটি গ্রাম প্লাবিত হয়েছে। তলিয়ে গেছে স্থানীয় সড়ক, আর পানিতে ভেসে গেছে বেশ কয়েকটি পুকুরের মাছ বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

প্রবল স্রোতের ধসে পড়েছে খারনৈ ইউনিয়নের গজারমারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবনের একাংশ। এদিকে পানি বৃদ্ধি অব্যাহত থাকায় জেলার নদ-নদীর পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করছে পানি উন্নয়ন বোর্ড। পরিস্থিতির আরও অবনতি হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন