ময়মনসিংহে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ৩

ময়মনসিংহে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ৩

ফন্ট সাইজ:

ময়মনসিংহে ট্রাক ও অটোরিকশা সংঘর্ষে দুই নারীসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে নগরীর ময়মনসিংহ-কিশোরগঞ্জ সড়কের শম্ভুগঞ্জ পল্লী বিদ্যুৎ কার্যালয় সংলগ্ন ট্রাকের ডিপোর সামনে এই ঘটনা ঘটে।

তবে নিহতদের বিস্তারিত পরিচয় জানা যায়নি। ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার এসআই খালিদ তিনজন নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, একটি ব্যাটারিচালিত অটোরিকশা শম্ভুগঞ্জ থেকে কিশোরগঞ্জের দিকে যাচ্ছিল। পল্লী বিদ্যুৎ কার্যালয় সংলগ্ন ট্রাকের ডিপো থেকে বের হওয়ার সময় একটি ট্রাকে অটোরিকশাটি সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে একজন পুরুষের মৃত্যু হয়। আহত হন অটোচালকসহ আরও তিন নারী। তাদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুই নারীকে মৃত ঘোষণা করেন। অপর নারীকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়।

এসআই খালিদ বলেন, ‘ঘটনাস্থল থেকে একটি মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত দুই নারীর মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। নিহতদের নাম-ঠিকানা এখনো জানা সম্ভব হয়নি। তবে, নিহত পুরুষের বয়স ৩০ থেকে ৩৫ বছরের মাঝে হবে। নিহত দুই নারীর বয়স ২৫ থেকে ৩৫ বছরের মাঝে হবে।’

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন