নতুন কুঁড়ি স্পোর্টসের জাতীয় পর্যায়ে ক্রিকেট ইভেন্টে বালক বিভাগের কোয়ার্টার ফাইনালে ৪৯ রানের বড় জয় পেয়েছে ফরিদপুর অঞ্চল। মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ময়মনসিংহ অঞ্চলের বিপক্ষে টস জিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় তারা । ব্যাট হাতে ফরিদপুরের হয়ে ঝড় তোলেন ওপেনার মশিউর রহমান। ডানহাতি এ ব্যাটারের ৩৭ বলে ৯০ রানের ঝড়ো ইনিংসে নির্ধারিত ১০ ওভারে দুই উইকেট হারিয়ে ১৩৫ রান সংগ্রহ করে। ব্যাট হাতে ঝড় তোলার পর বোলিংয়েও দাপট দেখান মশিউর। ২২ রানে নেন দুই উইকেট। লক্ষ্য তাড়ায় ৮৬ রানে থামে ময়মনসিংহের ইনিংস। বড় জয়ে সেমিফাইনালে পা রাখলো ফরিদপুর।
কোয়ার্টার ফাইনালে ব্যাট করতে নেমে শুরু থেকে আগ্রসী ঢংয়ে ব্যাটিং করেন মশিউর। একের পর এক বাউন্ডারি হাঁকিয়ে ফরিদপুরের বোলারদের অস্বস্তিতে ফেলেন। তার ৩৭ বলে ৯০ রানের ইনিংসটি ছিল ৮ চার ও ৮ ছক্কায় সাজানো। স্ট্রাইক রেট ২৪৩.২। মশিউরের এই ইনিংসই ম্যাচের ভাগ্য গড়ে দেয়। তাকে যোগ্য সঙ্গ দেন নাজমুল ইসলাম। ইকরামুল হক বাসিরের বলে বোল্ড হওয়ার আগে ১১ বলে করেন ২০ রান। আরেক ওপেনার মুশফিকুর খান ওয়াসি ৯ বলে ৫ রান করে ইমরান খানের শিকার হন। অরন্য বিশ্বাস ৩ বলে ৩ রানে অপরাজিত থাকেন। ময়মনসিংহের ইকরামুল হক বাসির ২ ওভারে ১৩ রান দিয়ে নেন ১ উইকেট।
১৩৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই টালমাটাল অবস্থায় পড়ে ময়মনসিংহ । দলীয় ১২ রানে প্রথম উইকেট হারায় তারা। এরপর একে একে জারিফ রহমান রায়াত, তানজিদ আহমেদ ও তাহসিন আহনাফ হামিম সাজঘরে ফেরেন। একপর্যায়ে ২৯ রানে চার উইকেট হারিয়ে ফেলে ময়মনসিংহ। টপ অর্ডারের ব্যর্থতার পর প্রতিরোধের চেষ্টা করেন ইশরার হোসেন বিজয়। ১৯ বলে ৪টি চার ও ৪টি ছক্কায় ৪৬ রান করেন তিনি। তন্ময় সরকারের ব্যাট থেকে আসে ২৩ রান। শেষ পর্যন্ত ১০ ওভারে ৮ উইকেট হারিয়ে ৮৬ রানে থামে ময়মনসিংহের ইনিংস।
