ফাইনালে রেফারির দায়িত্বে যারা

ফাইনালে রেফারির দায়িত্বে যারা

ফন্ট সাইজ:

নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে রোববার শিরোপার লড়াইয়ে মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা ও স্পেন। ২০২২ সালের শিরোপা ধরে রাখতে টানা দ্বিতীয়বার ফাইনালে উঠেছে আর্জেন্টিনা, আর ২০১০ সালের পর প্রথমবারের মতো শিরোপার স্বাদ পেতে মরিয়া স্পেন।

সেমিফাইনালে টুর্নামেন্টের অন্যতম ফেভারিট ফ্রান্সকে ২-০ গোলে হারিয়ে দাপটের সঙ্গেই ফাইনাল নিশ্চিত করে স্পেন। অন্যদিকে ইংল্যান্ডের বিপক্ষে নাটকীয় প্রত্যাবর্তনে ২-১ ব্যবধানে জিতে ফাইনালে জায়গা করে নেয় আর্জেন্টিনা। পুরো টুর্নামেন্ট জুড়েই দুই দলের যাত্রা ছিল রোমাঞ্চে ভরা।

গ্রুপ পর্ব সহজেই পার করে দুই দল। কেপ ভার্দের বিপক্ষে গোলশূন্য ড্র করলেও বাকি ম্যাচগুলোয় দাপট দেখায় স্পেন। আর আলজেরিয়া, অস্ট্রিয়া ও জর্ডানকে হারিয়ে ৯ পয়েন্ট নিয়ে গ্রুপ শেষ করে আর্জেন্টিনা। শেষ বত্রিশে কেপ ভার্দের বিপক্ষে টানটান লড়াইয়ে অতিরিক্ত সময়ে জয়সূচক গোল করে আর্জেন্টিনা, যা ছিল টুর্নামেন্টের অন্যতম সেরা লড়াই।

মিসরের বিপক্ষে শেষ ষোলোতেও দেখা যায় আর্জেন্টিনার আরেকটি স্মরণীয় প্রত্যাবর্তন। ৭৯ মিনিট পর্যন্ত ২-০ গোলে পিছিয়ে থেকেও শেষ ১১ মিনিটে দুই গোল আর ইনজুরি টাইমে আরও একটি গোল করে কোয়ার্টার ফাইনালে ওঠে তারা, যেখানে সুইজারল্যান্ডকেও ২-১ গোলে হারিয়ে সেমিফাইনালে পা রাখে। সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষেও একই চিত্র—৮৫ মিনিট ও ইনজুরি টাইমে গোল করে টানা দ্বিতীয়বার ফাইনালে ওঠে আর্জেন্টিনা।

স্পেনের পথটাও ছিল দুর্দান্ত। শেষ বত্রিশে অস্ট্রিয়াকে ৩-০ গোলে উড়িয়ে দেওয়ার পর ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগালকে ১-০ গোলে বিদায় করে তারা। এরপর বেলজিয়ামকে ২-১ গোলে হারিয়ে সেমিফাইনালে মুখোমুখি হয় টুর্নামেন্টের অন্যতম ফেভারিট ফ্রান্সের। পুরো টুর্নামেন্টে একবারও পিছিয়ে না পড়া ফ্রান্সকে ২২ মিনিটে পেনাল্টি থেকে গোল করে চাপে ফেলে দেয় স্পেন, শেষ পর্যন্ত ম্যাচ শেষ হয় ২-০ ব্যবধানে।

ফাইনালের মূল রেফারির দায়িত্বে থাকছেন স্লাভকো ভিনচিচ। এই দায়িত্ব পালনের মধ্য দিয়ে বিশ্বকাপ ফাইনাল পরিচালনাকারী প্রথম স্লোভেনিয়ান রেফারি হতে যাচ্ছেন তিনি। ২০১০ সাল থেকে ফিফার রেফারি হিসেবে দায়িত্ব পালন করা ভিনচিচের জন্য এটি হবে তার ষষ্ঠ বিশ্বকাপ ম্যাচ পরিচালনা। এবারের আসরে তিনি ইতিমধ্যে পরিচালনা করেছেন ব্রাজিল-মরক্কো, জর্ডান-আলজেরিয়া এবং শেষ বত্রিশে মেক্সিকো-ইকুয়েডর ম্যাচ।

এর আগে একবারই আর্জেন্টিনার ম্যাচ পরিচালনা করেছিলেন ভিনচিচ—২০২২ বিশ্বকাপে সৌদি আরবের কাছে আর্জেন্টিনার একমাত্র হারের সেই ম্যাচে। স্পেনের কোনো বিশ্বকাপ ম্যাচ এখনো পরিচালনা করেননি তিনি, তবে উয়েফার হয়ে চারটি ম্যাচে দলটিকে পরিচালনা করার অভিজ্ঞতা আছে তার। সহকারী রেফারি হিসেবে তার সঙ্গে থাকছেন তোমাজ ক্লানচিক ও আন্দ্রাজ কোভাচিচ।

ম্যাচ পরিচালনা দল:
রেফারি: স্লাভকো ভিনচিচ
সহকারী রেফারি ১: তোমাজ ক্লানচিক
সহকারী রেফারি ২: আন্দ্রাজ কোভাচিচ
চতুর্থ রেফারি: আধম মাখাদমেহ
রিজার্ভ সহকারী রেফারি: মোহাম্মদ আলকালাফ


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন