তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে হারের পর হতাশা লুকাননি ফ্রান্সের অধিনায়ক কিলিয়ান এমবাপ্পে। ম্যাচ শেষে ফরাসি টেলিভিশন চ্যানেল এম৬-কে দেওয়া সাক্ষাৎকারে তিনি দলের প্রথমার্ধের বাজে পারফরম্যান্সের সমালোচনা করেন। একই সঙ্গে বিশ্বকাপ ফাইনাল নিয়ে ভবিষ্যদ্বাণী করে বলেন, আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি অবশ্যই গোল করবেন।
প্রথমার্ধের পারফরম্যান্স নিয়ে এমবাপ্পে বলেন, দুটি সম্পূর্ণ ভিন্ন অর্ধ ছিল। প্রথমার্ধ দেখে কেউ যদি বলে আমরা জার্সির মর্যাদা রাখতে পারিনি, সেটি আমি বুঝতে পারি। তবে আমি বলব, আমরা তখন খুবই মানবিক ছিলাম। আমরা পুরোপুরি হতবাক হয়ে গিয়েছিলাম। প্রতিপক্ষ আমাদের ঘুম ভাঙিয়ে দিয়েছে।
ফ্রান্সের এই তারকা ফুটবলার বলেন, দ্বিতীয়ার্ধে আমরা আবার শীর্ষ পর্যায়ের খেলোয়াড়ে পরিণত হই। আবেগকে পাশে রেখে মানসিকভাবে শক্ত হয়ে খেলেছি। আমরা দ্বিতীয়ার্ধ জিতেছি, কিন্তু ম্যাচ জিততে পারিনি।
বিদায়ী কোচ দিদিয়ের দেশমের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে এমবাপ্পে বলেন, এই হারটা কোচের জন্য সবচেয়ে বেশি কষ্টের। আমরা তার জন্য কিছু করতে চেয়েছিলাম। কিন্তু প্রথমার্ধ দেখে মনে হতে পারে আমরা তাকে হতাশ করেছি। বাস্তবে সেটা নয়। ফুটবল এমনই। তিনি আমাদের জন্য যা করেছেন, তার জন্য আমরা কৃতজ্ঞ। এই একটি ম্যাচ দেশমের কিংবদন্তি মর্যাদাকে ম্লান করতে পারবে না।
বিশ্বকাপে নিজের গোলের রেকর্ড প্রসঙ্গে এমবাপ্পে বলেন, মেসি ফাইনালে অবশ্যই গোল করবে, এতে আমার কোনো সন্দেহ নেই। আমি শুধু আমার দলকে জেতাতে চেয়েছি। বিশ্বকাপে অনেক গোল করলে একজন খেলোয়াÑ হিসেবে উন্নতি হয়, কিন্তু সর্বকালের সর্বোচ্চ গোলদাতা হওয়ার চেয়ে আমি বরং চাইতাম আগামীকালের ফাইনালটা খেলতে। এটি আমার উত্তরাধিকারের জন্য ভালো, কিন্তু এই মুহূর্তে সেটাই আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় নয়।
সূত্র: মারকা
