ইরানের দক্ষিণাঞ্চলে সেতু, টানেল, বিমানবন্দর, রাস্তা গুঁড়িয়ে দিচ্ছে যুক্তরাষ্ট্র

ইরানের দক্ষিণাঞ্চলে সেতু, টানেল, বিমানবন্দর, রাস্তা গুঁড়িয়ে দিচ্ছে যুক্তরাষ্ট্র

ফন্ট সাইজ:

টানা অষ্টম দিনের মতো ইরানে ব্যাপক হামলা চালিয়ে যাচ্ছে মার্কিন বাহিনী। বিশেষ করে দেশটি ইরানের দক্ষিণাঞ্চলে হামলার পরিমাণ বৃদ্ধি করেছে। সিএনএন ও আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন বাহিনী এখন ইরানের দক্ষিণাঞ্চলে বেসামরিক গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা চালাচ্ছে।

এতে ইরানের দক্ষিণাঞ্চলের সাধারণ মানুষের জীবনযাত্রা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। আল জাজিরা বলছে, মার্কিন হামলায় ইতিমধ্যে ইরানের বেশ কয়েকটি সেতু, রেলপথ, টানেল, বিমানবন্দর ও সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে।

এ ছাড়া নিরাপত্তাজনিত কারণে ওই অঞ্চলের কয়েকটি হাসপাতাল খালি করা হয়েছে এবং বিভিন্ন স্কুলের পরীক্ষা স্থগিত করা হয়েছে।

বেসামরিক অবকাঠামোর ব্যাপক ক্ষয়ক্ষতির ফলে সেখানকার মানুষের চলাচল, পণ্য পরিবহন এবং প্রয়োজনীয় সরবরাহব্যবস্থা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।
বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্র মূলত ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) সক্ষমতা দুর্বল করার লক্ষ্যেই এসব হামলা চালাচ্ছে।

তবে যেসব অবকাঠামোতে হামলা হচ্ছে, সেগুলো বেসামরিক জনগণও ব্যবহার করে। ফলে দক্ষিণাঞ্চলকে দেশের বাকি অংশ থেকে কার্যত বিচ্ছিন্ন করে দেয়ার চেষ্টা করছে যুক্তরাষ্ট্র।
সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের দক্ষিণাঞ্চল কার্যত নিয়ন্ত্রণে নিতে চায় মার্কিন বাহিনী। অঞ্চলটিতে মার্কিন বাহিনী স্থল অভিযানও চালাতে পারে।

এদিকে আইআরজিসি জানিয়েছে, তারা কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি কোনোভাবেই ছেড়ে দেবে না। তাদের দাবি, যুক্তরাষ্ট্র এই জলপথ সংলগ্ন প্রদেশগুলোতে হামলার মাধ্যমে নিশ্চিত করতে চাইছে, যাতে আইআরজিসি হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ ধরে রাখতে না পারে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন