গান নিয়ে ব্যস্ত সময় পার করছেন চ্যানেল আই সেরাকণ্ঠ’র প্রথম আসরের চ্যাম্পিয়ন ঝিলিক। নতুন গানের পাশাপাশি চলছে তার স্টেজ ব্যস্ততা। এর বাইরে একজন আর্জেন্টিনা ভক্ত হিসেবেও ফুটবল বিশ্বকাপ চলাকালীন বেশ উন্মাদনায় রয়েছেন তিনি। এরই মধ্যে আর্জেন্টিনা ফাইনালে উঠেছে। ঝিলিককেও এই দলটির জার্সি গায়ে খেলা চলাকালীন যেমন উন্মাদনায় ভাসতে দেখা যাচ্ছে, আবার মাঝেমধ্যেই তিনি আর্জেন্টিনার সমর্থক হিসেবে হাজির হচ্ছেন বিভিন্ন চ্যানেলের শোতে। সবশেষ বাংলাভিশনের একটি লাইভ শোতে হাজির হয়েছিলেন তিনি। এদিকে সম্প্রতি সেরা কণ্ঠশিল্পী হিসেবেও সম্মানিত হয়েছেন ঝিলিক। পেয়েছেন সুপার সাকসেস অ্যাওয়ার্ড।
এ বিষয়ে ঝিলিক বলেন, যেকোনো পুরস্কারই একজন শিল্পীর জন্য অনেক উৎসাহের ও অনুপ্রেরণার। ঠিক তেমনি এই পুরস্কার আমার এগিয়ে যাওয়ার পথেও অনুপ্রেরণা হয়ে থাকবে। তবে এই ছোট্ট জীবনে দর্শকের ভালোবাসাই আমার সবচেয়ে বড় অনুপ্রেরণা। এদিকে সম্প্রতি ঝিলিক কণ্ঠ দিয়েছেন নতুন একটি গানে। আহসান ইমামের কথায় গানটির সুর ও সংগীত করেছেন শান শেখ। অপর আরেক গানের সুর ও সংগীত করেছেন ইমরান মাহমুদুল। এটি ইমরান-ঝিলিকের দ্বৈত গান। তবে এ বিষয়ে এখনই জানাতে চান না ঝিলিক। তিনি বলেন, কিছু বিষয় থাকে স্পেশাল, চমকে দেয়ার মতো। এ বিষয়টিও তাই। সময় হলেই জানা যাবে। তার ভাষ্য, একাধিক গান প্রকাশের অপেক্ষায় রয়েছে। স্টেজ শো করছি। রেকর্ডিংও চলছে। সবমিলিয়ে টানা ব্যস্ততাতেই যাচ্ছে সময়।
