বিশ্বকাপ ফাইনালের আগে শনিবার সকালে স্পেন জাতীয় ফুটবল দলের শেষ অনুশীলন বজ্রপাতের কারণে নির্ধারিত সময়ের তুলনায় পিছিয়ে গেছে।
নিউ জার্সির হুইপানিতে স্থানীয় সময় সকাল ১১টায় স্পেনের অনুশীলন শুরু হওয়ার কথা ছিল। নিউইয়র্ক রেড বুলসের সাবেক প্রশিক্ষণ কমপ্লেক্স এবং এনডব্লিউএসএলের ক্লাব গথাম এফসির ভবিষ্যৎ প্রশিক্ষণ কেন্দ্রে এ সেশন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।
তবে সাংবাদিকরা মাঠে প্রবেশের সময় আয়োজকরা তাদের নির্ধারিত কর্মক্ষেত্র হিসেবে ব্যবহৃত ভবনের ভেতরে চলে যেতে বলেন।
মাঠে দায়িত্বে থাকা এক কর্মকর্তা দ্য অ্যাথলেটিককে জানান, অনুশীলনস্থলের আট মাইলের মধ্যে বজ্রপাত শনাক্ত হলে নিরাপত্তার স্বার্থে অনুশীলন স্থগিত রাখা বাধ্যতামূলক। প্রতি ৩০ মিনিট পরপর পরিস্থিতি মূল্যায়ন করা হবে এবং ‘অল ক্লিয়ার’ সংকেত পাওয়ার পরই অনুশীলন শুরু করা যাবে। বজ্রপাত ও বজ্রধ্বনি দেখা দিলে যুক্তরাষ্ট্রে ক্রীড়া ইভেন্টে সাধারণত এই প্রোটোকলই অনুসরণ করা হয়।
এই বজ্রঝড়-সংক্রান্ত নিরাপত্তা প্রোটোকল পুরো বিশ্বকাপজুড়েই যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে কার্যকর ছিল। এর ফলে টুর্নামেন্টে বেশ কয়েকটি ম্যাচও বিলম্বিত হয়েছিল।
সর্বশেষ তথ্য অনুযায়ী, স্পেনের অনুশীলন স্থানীয় সময় সকাল সাড়ে ১১টায় শুরু হওয়ার কথা রয়েছে। তবে আবহাওয়ার অবনতি হলে আবারও বিলম্ব হতে পারে।
প্রতিবেদনে বলা হয়েছে, সাংবাদিকরা অপেক্ষা করার সময় এলাকাজুড়ে বজ্রধ্বনি শোনা যাচ্ছিল।
অন্যদিকে, প্রায় পাঁচ মাইল দূরে নিউ জার্সির মরিসটাউনে আর্জেন্টিনা জাতীয় দলের অনুশীলনও স্থানীয় সময় সকাল সাড়ে ১১টায় শুরু হওয়ার কথা। তবে বিরূপ আবহাওয়া অব্যাহত থাকলে তাদের অনুশীলনও প্রভাবিত হতে পারে।
চলতি সপ্তাহজুড়ে নিউইয়র্ক ও নিউ জার্সি অঞ্চলের আবহাওয়া বিশ্বকাপের আলোচনার অন্যতম বিষয় হয়ে উঠেছে। কানাডার দাবানলের ধোঁয়ার কারণে তীব্র গরমের পাশাপাশি বায়ুদূষণও বেড়েছিল।
তবে আবহাওয়াবিদদের আশা, বৃষ্টির কারণে ধোঁয়াশা অনেকটাই কেটে যাবে, যা রোববার মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য বিশ্বকাপ ফাইনালের প্রস্তুতিতে সহায়ক হবে।
বর্তমানে হুইপানিতে এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) ১৫৮, যা ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে। এছাড়া এলাকাটিতে বন্যা সতর্কতা জারি করা হয়েছে। নিউ জার্সির কিছু অংশ এবং নিউইয়র্ক সিটিতে টর্নেডো সতর্কতাও বলবৎ রয়েছে। দুই দলের অনুশীলনস্থল থেকে নিউইয়র্ক সিটির দূরত্ব প্রায় ২০ মাইল।
বজ্রপাতের কারণে পেছালো স্পেনের শেষ অনুশীলন, শঙ্কায় আর্জেন্টিনাও
মানবজমিন ডেস্ক
বিশ্বকাপ ২০২৬
২ ঘন্টা আগে
১৮ জুলাই (শনিবার), ২০২৬, ১০ঃ০৪ (অপরাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
