মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প অস্থায়ী যুদ্ধবিরতি চুক্তি শেষ ঘোষণা দেয়ার পর টানা সপ্তম রাতেও ইরানে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশিত এক বিবৃতিতে লিখেছে, তাদের বাহিনী নজরদারি কেন্দ্র, সামরিক রসদ অবকাঠামো, ভূগর্ভস্থ অস্ত্রভাণ্ডার এবং সামুদ্রিক সক্ষমতার বিভিন্ন স্থাপনায় হামলা চালিয়েছে।
অন্যদিকে, ইরানের ইসলামিক রেভ্যুলুশনারি গার্ড করপস (আইআরজিসি) দাবি করেছে, হরমুজ প্রণালির মাইন পাতা একটি নৌপথ দিয়ে যাওয়ার সময় দুটি তেলবাহী ট্যাংকারে বিস্ফোরণ ঘটে। তবে সেন্টকম এই দাবিকে সম্পূর্ণ মিথ্যা বলে উড়িয়ে দিয়েছে। জর্ডানের সশস্ত্র বাহিনী জানিয়েছে, রাতভর তাদের আকাশসীমায় প্রবেশ করা ইরানের ছোড়া ১০টি ক্ষেপণাস্ত্র তারা ভূপাতিত করেছে। তবে এতে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি।
সেন্টকম জানিয়েছে, স্থানীয় সময় শুক্রবার রাত ৯টা ৩০ মিনিটে কয়েক ঘণ্টাব্যাপী অভিযান শেষে তারা হামলা বন্ধ করে। বিবৃতিতে বলা হয়েছে, এই অভিযানে যুক্তরাষ্ট্রের বাহিনী যুদ্ধবিমান, ড্রোন, যুদ্ধজাহাজসহ অন্যান্য সামরিক সক্ষমতা ব্যবহার করেছে। ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ফার্স নিউজ এজেন্সি জানিয়েছে, হরমুজ প্রণালির দক্ষিণে মাইন পাতা একটি নৌপথ দিয়ে যাওয়ার সময় দুটি তেলবাহী ট্যাংকারে বিস্ফোরণ ঘটে এবং সেগুলোতে আগুন ধরে যায়। পরে সেন্টকম এক্সে লিখেছে, আইআরজিসির অধিকাংশ দাবির মতো এটিও মিথ্যা।
যুক্তরাষ্ট্র ও ইরানের পাল্টাপাল্টি হামলার মধ্যে বিশ্ব জ্বালানি সরবরাহের অন্যতম গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল প্রায় বন্ধ হয়ে গেছে। বিশ্বের মোট তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) সরবরাহের প্রায় পাঁচ ভাগের এক ভাগ এই নৌপথ দিয়ে পরিবাহিত হয়। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, দেশটির মধ্যাঞ্চলীয় ইয়াজদ শহর, কেশম দ্বীপ এবং হরমুজ প্রণালির পাশে অবস্থিত বন্দর আব্বাসে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। শুক্রবার ইরানের সশস্ত্র বাহিনী দাবি করেছে, তারা কুয়েত, বাহরাইন, জর্ডান এবং প্রথমবারের মতো সিরিয়ায় অবস্থিত যুক্তরাষ্ট্রের একাধিক সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে। তবে এই দাবি অস্বীকার করেছে ওয়াশিংটন। এর আগে কুয়েতের কর্মকর্তারা জানান, ইরানের ড্রোন হামলায় তাদের কয়েকজন সেনা আহত হয়েছেন। এছাড়া একটি বিদ্যুৎকেন্দ্র ও কয়েকটি পানি লবণমুক্তকরণ কেন্দ্র ক্ষতিগ্রস্ত হয়েছে।
সিবিএস নিউজকে একাধিক সূত্র জানিয়েছে, গত এক সপ্তাহে জর্ডানে অবস্থিত যুক্তরাষ্ট্রের দুটি সামরিক ঘাঁটিতে ইরানের হামলায় কয়েকজন মার্কিন সেনা আহত হয়েছে। ওয়াশিংটন এর আগে তেহরানের সেই দাবিও অস্বীকার করেছে, যেখানে বলা হয়েছিল যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের বেসামরিক অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে রয়েছে সেতু, রেলস্টেশন ও একটি বিমানবন্দর। তবে হামলায় ক্ষতিগ্রস্ত হরমোজগান প্রদেশের কর্মকর্তারা জানিয়েছেন, এসব হামলায় সাতজন নিহত হয়েছেন। বিবিসি ভেরিফাই এবং বিবিসি পার্সিয়ান যাচাই করে দেখেছে, গারিভেহ সেতু ক্ষতিগ্রস্ত হয়েছে। রাতের ভিডিওতে সেতুর ওপর আগুনের বিশাল গোলা দেখা যায়। দিনের আলোতে তোলা ছবিতে সেতুর একটি অংশ ধসে পড়ে চারদিকে ধ্বংসস্তূপ ছড়িয়ে থাকতে দেখা গেছে।
হোয়াইট হাউসের একজন মুখপাত্র বলেছেন, যুক্তরাষ্ট্র কেবল সামরিক লক্ষ্যবস্তুতেই হামলা চালিয়েছে। এর মধ্যে সামরিক রসদ অবকাঠামোও রয়েছে। শুক্রবার ইরানে যুক্তরাষ্ট্রের টানা রাতের হামলার এক সপ্তাহ পূর্ণ হলো। ইরানের সঙ্গে শান্তি আলোচনা ভেঙে পড়ার পর থেকেই এই হামলা চলছে। একই সঙ্গে হরমুজ প্রণালির ভবিষ্যৎ নিয়ে বাড়তে থাকা উত্তেজনা স্থায়ী যুদ্ধবিরতি প্রতিষ্ঠার প্রচেষ্টাকেও আরও জটিল করে তুলেছে।
