সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী-এর নামে যুক্তরাজ্যে থাকা ৫১৮টি ফ্ল্যাট ও অ্যাপার্টমেন্ট জব্দের আদেশ দিয়েছেন আদালত। এসব সম্পদের মোট মূল্য ২৭ কোটি ১৮ লাখ ৫২ হাজার ৮৭২ পাউন্ড বলে উল্লেখ করা হয়েছে। বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ সাব্বির ফয়েজ দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
দুদকের উপপরিচালক মো. মশিউর রহমান আদালতে এ আবেদন করেন। আবেদনে বলা হয়, সাইফুজ্জামান চৌধুরী ও তার সহযোগী ব্যক্তি-প্রতিষ্ঠানের বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধানে দুদক, সিআইডি ও এনবিআরের সমন্বয়ে একটি টাস্কফোর্স গঠন করা হয়েছে। এর অংশ হিসেবে গত বছরের ২১ সেপ্টেম্বর চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার একটি বাসায় অভিযান চালিয়ে ২৩ বস্তা আলামত উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া নথিপত্র পর্যালোচনা করে সাইফুজ্জামান ও সংশ্লিষ্ট ব্যক্তি-প্রতিষ্ঠানের বিভিন্ন দেশে অর্জিত সম্পত্তির তালিকা প্রস্তুত করা হয়েছে। তালিকায় যুক্তরাজ্যে অবস্থিত বিপুল পরিমাণ স্থাবর সম্পত্তির তথ্য পাওয়া যায়।
আবেদনে আরও বলা হয়, অনুসন্ধান চলাকালে গোপন সূত্রে জানা গেছে, সাইফুজ্জামান এসব স্থাবর সম্পত্তি তৃতীয় পক্ষের কাছে হস্তান্তরের চেষ্টা করছেন। এ অবস্থায় সম্পত্তি হস্তান্তর রোধে অবিলম্বে জব্দের আদেশ প্রয়োজন। শুনানি শেষে আদালত যুক্তরাজ্যে থাকা ৫১৮টি ফ্ল্যাট ও অ্যাপার্টমেন্ট জব্দের নির্দেশ দেন।দুদকের কর্মকর্তারা জানিয়েছেন, অর্থ পাচার সংক্রান্ত অভিযোগের অনুসন্ধান চলমান রয়েছে। তদন্তের অগ্রগতির ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আব্দুল জব্বার
৩ মাস আগেদুদকের আদেশ যুক্তরাজ্যে কে শুনবে। এগুলো আদেশ বিদেশে মূল্যহীন। বরং তার এবং তার ওপর নির্ভরশীলদের দেশে যা কিছু আছে সেগুলোই সময়মতো জব্দ করা গেলে ভালো হতো।।