আইসিসিবিতে ৩ দিনব্যাপী ‘বি বিউটি টেক এক্সপো’ শুরু

আইসিসিবিতে ৩ দিনব্যাপী ‘বি বিউটি টেক এক্সপো’ শুরু

ফন্ট সাইজ:

রাজধানীর কুড়িলে আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) শুরু হয়েছে তিন দিনব্যাপী ‘বি বিউটি টেক এক্সপো-২০২৬’। বৃহস্পতিবার ওয়েম বাংলাদেশ লিমিটেড আয়োজিত এ এক্সপো উদ্বোধন করেন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) মহাসচিব মো. আলমগীর হোসেন। এ প্রদর্শনী চলবে আগামী শনিবার (১৮ জুলাই) পর্যন্ত।
আয়োজক প্রতিষ্ঠান জানায়, এক্সপোতে দেশি-বিদেশি ৫৫টি স্টলে ৩০০টিরও বেশি ব্র্যান্ড এবং ১৬০টিরও বেশি আন্তর্জাতিক প্রতিষ্ঠান অংশ নিয়েছে।

মেলায় মূলত ৮টি প্রধান ক্যাটাগরিতে প্রসাধন ও রূপচর্চার পণ্য প্রদর্শন করা হচ্ছে। এর মধ্যে রয়েছে- টয়লেট্রিজ, সুগন্ধি, স্কিন কেয়ার, হেয়ার কেয়ার, অ্যাসথেটিক লন, হেলথ অ্যান্ড ওয়েলবিং, ন্যাচারাল অ্যান্ড অর্গানিক প্রোডাক্টস এবং পুরুষদের প্রসাধন সামগ্রী। পণ্য প্রদর্শনের পাশাপাশি মেলায় উন্নত প্রযুক্তির যন্ত্রপাতি ও প্যাকেজিংয়ের আধুনিক উদ্ভাবন তুলে ধরা হচ্ছে। আয়োজকরা জানান, এবারের এক্সপোতে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের বিপুলসংখ্যক পেশাদার রূপবিশেষজ্ঞ ও ব্যবসায়ী অংশ নেবেন। বিশ্বব্যাপী সৌন্দর্যের যে নতুন বিপ্লব ও প্রযুক্তিগত পরিবর্তন আসছে, তার সঙ্গে দেশীয় বাজারের সংযোগ ঘটাতেই এই প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।

এক্সপোতে তাৎক্ষণিক পণ্য বিক্রি বা কোনো বড় কার্যাদেশ পাওয়া নয়, বরং বাংলাদেশের ক্রমবর্ধমান সুগন্ধির বাজারে নতুন বিজনেস পার্টনার এবং যৌথ ব্যবসায়িক উদ্যোগ গড়ে তোলাই মূল লক্ষ্য বলে জানান দুবাইভিত্তিক ঐতিহ্যবাহী পারফিউম প্রস্তুত ও বাজারজাতকারী প্রতিষ্ঠান ‘শেখ মোহাম্মদ সাইদ গ্রুপ’-এর মার্কেটিং ম্যানেজার শঙ্করেশ ব্যানর্জী। তিনি বলেন, বাংলাদেশে আমাদের পারফিউম আগে থেকেই পাওয়া যায়। সেই অবস্থান থেকেই আমরা এবারের এক্সপোতে অংশ নিয়েছি। এখানে মূল উদ্দেশ্য হলো বাংলাদেশের বাজারে অন্যান্য যারা পারফিউম মার্কেটিং করছে, তাদের পণ্যের সঙ্গে আমাদের পণ্যের পারফরম্যান্স কেমন তা যাচাই করা এবং ক্রেতাদের সঙ্গে আরও নিবিড় সম্পর্ক গড়ে তোলা।
প্রতিষ্ঠানের দীর্ঘ ঐতিহ্যের কথা উল্লেখ করে শঙ্করেশ ব্যানর্জী জানান, তাদের মূল প্রতিষ্ঠানটি দুবাইয়ে অবস্থিত এবং এটি প্রায় ৭২ বছরের পুরোনো একটি ঐতিহ্যবাহী অর্গানাইজেশন। পণ্যের সব ধরনের ম্যানুফ্যাকচারিং বা উৎপাদন প্রক্রিয়া সম্পূর্ণভাবে সংযুক্ত আরব আমিরাতেই সম্পন্ন হয়ে থাকে।

বিক্রয়ের নির্দিষ্ট কোনো লক্ষ্যমাত্রা অর্জনের চেয়ে তাদের প্রধান ফোকাস এখন পণ্যের গুণগত মানের দিকে-এমনটা জানিয়ে তিনি বলেন, বাংলাদেশের মানুষ কোয়ালিটি বা গুণগতমানকে ভীষণ পছন্দ ও মূল্যায়ন করে। তাই আমরা বাজারে বেশ কিছু নতুন সুগন্ধি লঞ্চ করেছি। আমরা চাই বাংলাদেশের মানুষ আমাদের এই নতুন সুগন্ধিগুলো ব্যবহার করে দেখুক এবং তাদের মতামত আমাদের কাছে তুলে ধরেন। এর ফলে বাংলাদেশের বাজারে যেমন নতুন ও বৈচিত্র্যময় সুগন্ধি আসবে, তেমনি প্রতিষ্ঠানের ব্যবসায়িক প্রবৃদ্ধিও নিশ্চিত হবে।

বাড়তি খরচ করে বিদেশের পারফিউম যাচাই করতে যাওয়ার অভিজ্ঞতা দেশেই হচ্ছে বলে জানালেন ঢাকার বাজারে পারফিউম বাজারজাতকারী আমিরুল ইসলাম। তিনি বলেন, এক ছাদের নিচে বিভিন্ন দেশের বিখ্যাত সব ব্র্যান্ডের পারফিউম পাওয়া যাচ্ছে। এর মাধ্যমে পণ্যের মানের পাশাপাশি দামের বিষয়টি সম্পর্কেও জানতে পারছি।

আয়োজকরা জানান, বাংলাদেশে বর্তমানে বিউটি ও পার্সোনাল কেয়ার ইন্ডাস্ট্রির ব্যাপক উত্থান ঘটছে। পরিসংখ্যান অনুযায়ী, ২০২৬ সালের মধ্যে দেশের বিউটি ও পার্সোনাল কেয়ার মার্কেট সব প্রত্যাশাকে ছাড়িয়ে যাবে, যার মধ্যে শুধু পার্সোনাল কেয়ার খাতেই প্রবৃদ্ধি ধরা হয়েছে প্রায় অর্ধেক। বর্তমানে দেশে এই খাতে মাথাপিছু খরচ বেড়ে দাঁড়িয়েছে ৬৬.৫৬ ডলারে। গত ৫ বছরে এই শিল্পে বার্ষিক ৮.১ শতাংশ হারে ধারাবাহিক প্রবৃদ্ধি বজায় রয়েছে। পাশাপাশি ই-কমার্সের কল্যাণে সৌন্দর্য পণ্যের মোট বিক্রির প্রায় ১৩.৩ শতাংশই এখন অনলাইনে সম্পন্ন হচ্ছে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন