আল-আরাফাহ ইসলামী ব্যাংকে নতুন পর্ষদ গঠন

ফন্ট সাইজ:

আল-আরাফাহ ইসলামী ব্যাংক পিএলসির শীর্ষ নেতৃত্বে বড় ধরনের পরিবর্তন এসেছে। ব্যাংকটির পরিচালনা পর্ষদের নতুন চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন বদিউর রহমান। একই সঙ্গে নির্বাহী কমিটির (ইসি) চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন আলহাজ সেলিম রহমান।

বৃহস্পতিবার অনুষ্ঠিত পর্ষদের ৪৬৪তম (জরুরি) সভায় সর্বসম্মতিক্রমে তাদের এই পদে নির্বাচিত করা হয়। ব্যাংকটির ব্র্যান্ড কমিউনিকেশন অ্যান্ড মার্কেটিং বিভাগ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

নতুন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেয়া বদিউর রহমান দেশের ব্যাংকিং ও ব্যবসায়িক খাতে অত্যন্ত সুপরিচিত মুখ। দেশে-বিদেশে তার বহু সফল ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। এর আগেও তিনি ২০০৮ থেকে ২০১৬ সাল পর্যন্ত দীর্ঘ ৮ বছর সফলতার সঙ্গে আল-আরাফাহ ইসলামী ব্যাংকের চেয়ারম্যানের দায়িত্ব সামলেছেন। তার বলিষ্ঠ নেতৃত্বেই ব্যাংকটি টানা সফলতার মাধ্যমে উন্নতির শিখরে পৌঁছেছিল।

ব্যবসায়িক পরিমণ্ডলে তিনি এআইবিএল ক্যাপিটাল মার্কেট সার্ভিসেস লিমিটেড, সেন্ট্রাল হাসপাতাল লিমিটেড, হিউম্যান রিসোর্সেস ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেড, মিলেনিয়াম ইনফরমেশন সলিউশন লিমিটেডের পরিচালক হিসেবে যুক্ত আছেন। নতুন করে দায়িত্ব কাঁধে নিয়ে তীব্র আশাবাদ ব্যক্ত করেছেন চেয়ারম্যান বদিউর রহমান। চলমান সংকট নিয়ে তিনি আরও বলেন, চলতি ২০২৬ সালে আবারো যখন ব্যাংকে বাংলাদেশ ব্যাংকের পর্যবেক্ষক নিয়োগ দেয়া হয়েছে, ঠিক তখনই এক বিশাল চ্যালেঞ্জের মুখে আমার ওপর পুনরায় পর্ষদের দায়িত্ব অর্পণ করা হলো।

এদিকে, ব্যাংকের নির্বাহী কমিটির চেয়ারম্যান নির্বাচিত হওয়া আলহাজ সেলিম রহমান চট্টগ্রামের এক ঐতিহ্যবাহী সম্ভ্রান্ত মুসলিম পরিবারের সন্তান। দেশের অন্যতম বৃহৎ শিল্পগোষ্ঠী কেডিএস গ্রুপের প্রতিষ্ঠাতা আলহাজ খলিলুর রহমানের পুত্র তিনি। বর্তমানে সেলিম রহমান কেডিএস গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে দায়িত্ব পালন করছেন। এই গ্রুপের অধীনে টেক্সটাইল, স্টিল, লজিস্টিকস ও ফাইন্যান্সসহ বিশাল সব শিল্প বিভাগ রয়েছে।

দেশের তৈরি পোশাক খাতে অবদানের অংশ হিসেবে তিনি বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) প্রথম সহসভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেছেন। ব্যাংকিং খাতের অভিজ্ঞ এই ব্যক্তিত্ব এর আগে ২০২১ এবং ২০২৪ সালে দুই মেয়াদে সফলতার সঙ্গে আল-আরাফাহ ইসলামী ব্যাংকের চেয়ারম্যানের দায়িত্ব সামলেছেন।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন