দেশের প্রেক্ষাগৃহে ফের হিন্দি সিনেমা

দেশের প্রেক্ষাগৃহে ফের হিন্দি সিনেমা

ফন্ট সাইজ:

দীর্ঘ বিরতির পর আবারো বাংলাদেশের প্রেক্ষাগৃহে ভারতীয় সিনেমা মুক্তির উদ্যোগ নেয়া হয়েছে। সাফটা চুক্তির আওতায় ইমরান হাশমি অভিনীত ‘আওয়ারাপান-২’ দেশে আনার প্রক্রিয়া শুরু করেছেন আমদানিকারকরা। জানা গেছে, গত মঙ্গলবার অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট ‘আওয়ারাপান-২’ আমদানি ও প্রদর্শনের অনুমতি চেয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে আবেদন করেছে। প্রতিষ্ঠানটি সাফটা চুক্তির আওতায় ছবিটি আমদানির অনুমোদনের জন্য মন্ত্রণালয়ে আবেদন জমা দেয়। আগামী ১৪ই আগস্ট ভারতে মুক্তি পাবে ‘আওয়ারাপান-২’। একই দিনে বাংলাদেশে সিনেমাটি মুক্তি দেয়ার পরিকল্পনা রয়েছে আমদানিকারকদের। যদিও সবকিছুই নির্ভর করছে অনুমতি পাওয়ার উপর।

অন্যদিকে, ইয়াশ অভিনীত ‘টক্সিক’ ও শাহরুখ খানের ‘কিং’ সিনেমাটি মুক্তি নিয়েও আলোচনা হয়েছে। সংশ্লিষ্টরা জানিয়েছেন, প্রয়োজনীয় অনুমোদনের জন্য খুব শিগগিরই মন্ত্রণালয়ে আবেদন করা হবে বাকি চলচ্চিত্রগুলো। চলচ্চিত্রসংশ্লিষ্টদের মতে, ঈদকেন্দ্রিক সময় ছাড়া বছরের বাকি সময়ে নতুন বাংলা সিনেমার সংকটে অনেক প্রেক্ষাগৃহ দর্শক টানতে হিমশিম খায়। অনেক হল এবারো বন্ধ ঘোষণা করা হয়েছে। কিছু হল বন্ধের প্রক্রিয়া চলছে। সে কারণে মানসম্মত বিদেশি সিনেমা নিয়মিত আমদানির দাবি দীর্ঘদিনের। এখন মন্ত্রণালয়ের অনুমোদন মিললে সেই ধারায় নতুন গতি আসতে পারে। অ্যাকশন কাট এন্টারটেইনমেন্টের কর্ণধার অনন্য মামুন বলেন, ‘আওয়ারাপান-২’র আবেদন ইতিমধ্যে জমা দেয়া হয়েছে। ‘টক্সিক’র আবেদনও দ্রুত করা হবে। ভবিষ্যতে শাহরুখ খানের ‘কিং’ সিনেমাটি বাংলাদেশে আনতে চাই। সব নিয়ম মেনেই আমরা কাজ করছি। অনুমতি পেলে মুক্তিতে কোনো সমস্যা হবে না। সাফটা চুক্তির শর্ত অনুযায়ী, ভারতীয় সিনেমা আমদানির পাশাপাশি বাংলাদেশি সিনেমা ভারতে রপ্তানির সুযোগ রয়েছে। অনন্য মামুন বলেন, কয়েকটি বাংলাদেশি সিনেমা আগেই ভারতে পাঠানো হয়েছে। কোন ছবিগুলো মুক্তি পাবে তা যাচাই-বাছাই শেষে জানানো হবে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন