ভারতের পশ্চিমবঙ্গে গত মঙ্গলবার থেকে বিস্ফোরণে উড়িয়ে দেয়ার হুমকি দিয়ে ই-মেইল আসছে। এবার বৃহস্পতিবার কলকাতাসহ রাজ্যে থাকা কেন্দ্রীয় সরকারি অফিসে বিস্ফোরক রাখা রয়েছে বলে হুমকি দিয়ে ই-মেইল পাঠানো হয়েছে। বলা হয়েছে, আরডিএক্স রাখা রয়েছে। দুপুর দেড়টার মধ্যে সেগুলোতে বিস্ফোরণ ঘটবে বলে দাবি করা হয়েছে। এরপরেই অফিসগুলো থেকে কর্মী ও নানা কাজে আসা সাধারণ মানুষকে সরিয়ে নেয়া হয়েছে। পুলিশ ও বোম স্কোয়াড সব জায়গায় তল্লাশি অভিযান শুরু করেছে। পুলিশ কুকুরকেও তল্লাশির কাজে নামানো হয়েছে।
জানা গেছে, এদিন বেলা দশটার কিছু পরে কলকাতায় থাকা দু’টি পাসপোর্ট অফিস ও রাজ্যের বিভিন্ন জেলায় পোস্ট অফিসে হুমকি ই-মেইলগুলো এসেছে। স্বাভাবিকভাবেই আতঙ্ক ছড়িয়েছে কর্মী ও কাজের জন্য আসা সাধারণ মানুষের মধ্যে।
এর আগে মঙ্গল ও বুধবার কলকাতাসহ রাজ্যের একাধিক আদালতে হুমকি ই-মেইল পাঠানো হয়েছিল। সেবারও আরডিএক্স রাখা রয়েছে বলে হুমকি দেয়া হয়েছিল। তবে তল্লাশি করে পুলিশ ও বোম্ব স্কোয়াড। সন্দেহজনক কোনও কিছু পায়নি। তবে কলকাতার নগরপাল সুপ্রতিম সরকার, রাজ্য পুলিশের ডিজি পীয়ূষ পাণ্ডে, মুখ্যসচিব নন্দিনী চক্রবর্তীর নেতৃত্বে উচ্চপর্যায়ে বৈঠক করে ব্যবস্থা নেয়া হবে বলে জানানো হয়েছিল। পুলিশ জানায়, দ্রুত ব্যবস্থা নেয়া হবে। সকলের নিরাপত্তা সুরক্ষিত করতে তারা বদ্ধপরিকর।
কিন্তু সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই আবার বিস্ফোরণের হুমকি দিয়ে ই-মেইল আসায় নিরাপত্তার বিষয়টি নিয়ে উদ্বেগ ছড়িয়েছে। পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার বেলায় ব্রাবোর্ন রোড এবং আনন্দপুরের পাসপোর্ট অফিসে একটি হুমকি মেল যায়। যেখানে দাবি করা হয়, অফিসে বোমা রাখা আছে। প্রায় একই সময়ে একই ধরনের ই-মেইল গেছে বিভিন্ন জেলার একাধিক পোস্ট অফিসেও। বৃহস্পতিবার কাজ শুরু হওয়ার পরেই হাওড়া ময়দান পোস্ট অফিসে একটি ই-মেইল যায়। সেখানে দাবি করা হয়, অফিসে বোমা রাখা আছে।
একই রকমভাবে হুমকি ই-মেইল গিয়েছে আসানসোল হেড পোস্ট অফিস ও বসিরহাট হেড পোস্ট অফিসে। সর্বত্র তল্লাশি চলছে। তবে বিকাল পর্যন্ত কোথাও সন্দেহভাজন কিছু পাওয়া যায়নি। কে বা কোন গোষ্ঠী এই ধরনের উড়ো হুমকি ই-মেইল পাঠিয়ে আতঙ্ক তৈরির কাজ করছে তাদের পুলিশ এখনও পর্যন্ত চিহ্নিত করতে পারেনি।
পশ্চিমবঙ্গে এবার সরকারি অফিসে হুমকি দিয়ে ই-মেইল, রাখা রয়েছে আরডিএক্স
নিজস্ব প্রতিনিধি, কলকাতা
ভারত
৩ মাস আগে
২৬ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার), ২০২৬, ৪ঃ১১ (অপরাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
