ইরানের দক্ষিণপশ্চিমাঞ্চলের একটি ক্যানসার হাসপাতালে ভয়াবহ হামলার ঘটনা ঘটেছে। এই হামলার জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করেছে ইরান। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার লাইভ প্রতিবেদনে বলা হয়েছে, হামলার পর ইরানের আহভাজ শহরের বাঘাই বিশেষায়িত হাসপাতাল থেকে ২১১ জন রোগীকে জরুরি ভিত্তিতে অন্যত্র সরিয়ে নেয়া হয়েছে।
হাসপাতালের পরিচালক রেজা বাজার জানান, আহভাজে যুক্তরাষ্ট্রের হামলার কারণে হাসপাতালটি কার্যত অচল হয়ে পড়েছে। তবে এ ঘটনায় হাসপাতালের কোনো রোগী বা কর্মীর হতাহতের খবর পাওয়া যায়নি।
হাসপাতালটির ব্যবস্থাপক ডা. মাজিদ বু’আজার আল জাজিরাকে বলেন, মার্কিন হামলার কারণে ২১১ জন রোগীকে বাধ্য হয়ে অন্য হাসপাতালে স্থানান্তর করতে হয়েছে।
তিনি জানান, সরিয়ে নেয়া রোগীদের মধ্যে ক্যানসার রোগীসহ গুরুতর অসুস্থ অনেক রোগী ছিলেন। ওই হাসপাতালের এক কর্মী আল জাজিরাকে বলেন, এখানে বিশেষ ধরনের রোগীরা চিকিৎসাধীন ছিলেন, যার মধ্যে ক্যানসার রোগীও রয়েছে। দুর্ভাগ্যজনকভাবে হাসপাতালের আশপাশের এলাকায় ব্যাপক বোমাবর্ষণ হয়েছে। অনেক রোগী তখন অক্সিজেন ও ভেন্টিলেটরের সহায়তায় ছিলেন।
তিনি আরও বলেন, কেউ কোলে শিশু নিয়ে, কেউ হাতে স্যালাইনের লাইন লাগানো অবস্থায়, আবার কেউ হুইলচেয়ারে করে হাসপাতাল থেকে বেরিয়ে আসেন। সবাইকে দ্রুত বাইরে সরিয়ে নেয়া হয়।
ইতিমধ্যে ইরান যুক্তরাষ্ট্রের এই হামলাকে ‘বর্বরোচিত’ বলে নিন্দা জানিয়েছে। এনিয়ে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া এক পোস্টে বলেন, এই বর্বরোচিত হামলা স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের ওপর ইসরাইলের চালানো নৃশংস হামলার কথা মনে করিয়ে দেয়। এর ফলে হাসপাতালে ভর্তি শিশুদের চরম দুর্ভোগ ও আতঙ্কের মধ্যে পড়তে হয়েছে।
তিনি জানান, হাসপাতালে কেমোথেরাপি নিচ্ছিলেন এমন ২১১ জন রোগীকে জরুরি ভিত্তিতে অন্যত্র সরিয়ে নিতে হয়েছে।
তবে এই হামলা নিয়ে যুক্তরাষ্ট্র এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি।
