বিশ্বকাপ এলেই আর্জেন্টিনাকে ঘিরে বাংলাদেশের রাস্তাঘাটে যে উন্মাদনা দেখা যায়, সেটি ফুটে উঠলো আলবিসেলেস্তেদের প্রধান কোচ লিওনেল স্কালোনির কণ্ঠে। বাংলাদেশের সমর্থকদের প্রতি প্রকাশ্যে কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি। সেমিফাইনালে লড়াইয়ে নামার আগে সংবাদ সম্মেলনে হাজির হয়ে বাংলাদেশ প্রসঙ্গে প্রশ্নের জাবাবে আর্জেন্টাইন কোচ বলেন, ‘বাংলাদেশের মানুষ আমাদের প্রতিবারই বিস্মিত করে।
আর্জেন্টিনা থেকে এত দূরের একটি দেশÑ তবু আপনাদের এই অকৃত্রিম ভালোবাসা সত্যিই অভূতপূর্ব।’ এরপর বাংলাদেশের রাস্তাঘাটে আর্জেন্টিনার জার্সি গায়ে সমর্থকদের উচ্ছ্বাসের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘আপনাদের দেশে মানুষকে আর্জেন্টিনার জার্সি গায়ে দেখতে পাওয়াটা আমাদের জন্য এক অনন্য অনুভূতি এবং গর্বের।’ সবশেষে বাংলাদেশের সমর্থকদের প্রতি সরাসরি কৃতজ্ঞতা প্রকাশ করে স্কালোনি বলেন, ‘আপনাদের প্রতি আমাদের আন্তরিক কৃতজ্ঞতা। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ।’
আর্জেন্টিনা ফুটবল দলের প্রতি বাংলাদেশের মানুষের আবেগ অবশ্য নতুন কোনো ঘটনা নয়। বিশ্বকাপ এলেই দুই দেশের মধ্যকার হাজার হাজার মাইলের ভৌগোলিক দূরত্ব যেন মিলিয়ে যায় ফুটবলের এই ভালোবাসায়। দেশের বিভিন্ন প্রান্তে বড় পর্দায় খেলা দেখার আয়োজন, আকাশছোঁয়া উচ্চতার আর্জেন্টিনার পতাকা আর লাখো সমর্থকের উচ্ছ্বাসÑ এই দৃশ্য এবারও যথারীতি চোখে পড়েছে বাংলাদেশজুড়ে। এমনকি এই উন্মাদনা এর আগেও একাধিকবার জায়গা করে নিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমের পাতায়।
