বিশ্বকাপ সেমিফাইনালে স্পেনের কাছে ২-০ গোলে হেরে বিদায় নেয়ার হতাশা মাঠের গণ্ডি পেরিয়ে ছড়িয়ে পড়েছে ফ্রান্সের রাজপথে। ম্যাচ শেষ হতেই প্যারিস ও লিওঁসহ দেশটির কয়েকটি শহরে সমর্থকদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংঘর্ষের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এই দুই শহর মিলিয়ে ১৬০ জনের বেশি মানুষকে গ্রেপ্তার করেছে পুলিশ।
ফরাসি সংবাদমাধ্যম বিএফএমটিভির বরাতে জানা গেছে, শুধু রাজধানী প্যারিসেই গ্রেপ্তার করা হয়েছে ১৪১ জনকে। পুলিশ প্রিফেকচারের তথ্য অনুযায়ী, বেশিরভাগ গ্রেপ্তারের কারণ ছিল পুলিশ সদস্য ও জরুরি সেবাকর্মীদের লক্ষ্য করে আতশবাজির মর্টার নিক্ষেপ। তবে স্বস্তির খবর হলো, এসব ঘটনায় কারও গুরুতর আহত হওয়ার কোনো প্রতিবেদন পাওয়া যায়নি।
অন্যদিকে লিওঁর প্লাস বেলকুর চত্বরে বড় পর্দায় ম্যাচ উপভোগ
করছিলেন শত শত সমর্থক। খেলা শেষের শেষ বাঁশি বাজার পরও অনেকে সেখানে অবস্থান করছিলেন। এমন সময় ছোট ছোট কয়েকটি দল নিরাপত্তা বাহিনীর সদস্যদের লক্ষ্য করে বিভিন্ন বস্তু, বিশেষত আতশবাজি ছুড়তে শুরু করে। পরিস্থিতি সামাল দিতে মাঠে নামে পুলিশের দাঙ্গা নিয়ন্ত্রণ ইউনিট সিআরএস ৮৩। যৌথ অভিযান চালিয়ে বিক্ষুব্ধ জনতাকে ছত্রভঙ্গ করা হয়, এই সময় গ্রেপ্তার করা হয় প্রায় ২০ জনকে। স্থানীয় কর্তৃপক্ষের তথ্যমতে, গ্রেপ্তার হওয়া বেশিরভাগই ২০০২ থেকে ২০১১ সালের মধ্যে জন্ম নেয়া তরুণ। তবে স্বস্তির বিষয় হলো, প্যারিস কিংবা লিওঁÑ কোথাও গুরুতর আহত হওয়ার কোনো ঘটনা ঘটেনি বলে জানিয়েছে কর্তৃপক্ষ। পাশাপাশি, সংঘর্ষের এই ঘটনাগুলোয় উল্লেখযোগ্য কোনো সম্পদহানিরও খবর পাওয়া যায়নি। প্রশাসনের তৎপরতায় রাতের শেষভাগে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
