জিম্বাবুয়ে সফরে টেস্ট ও ওয়ানডে সিরিজের পর টি-টোয়েন্টি সিরিজও হার দিয়ে শুরু করলো বাংলাদেশ। বুলাওয়ের কুইনস স্পোর্টস ক্লাবে গতকাল সিরিজের প্রথম ম্যাচে জিম্বাবুয়ের কাছে ৩২ রানে হার দেখে তাওহিদ হৃদয়ের দল। টস জিতে বোলিং বেছে নেয় বাংলাদেশ। নিয়মিত অধিনায়ক লিটন দাস চোটের কারণে না থাকায় দায়িত্বে ছিলেন হৃদয়। নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৭০ রান তোলে জিম্বাবুয়ে।
ব্রায়ান বেনেট করেন ৩০ বলে ৪৪ রান। শেষদিকে রায়ান বার্ল অপরাজিত ৩০ ও ব্র্যাড ইভান্স অপরাজিত ১৯ রানের ইনিংস খেলে দলকে বড় সংগ্রহ এনে দেন। বাংলাদেশের হয়ে নাহিদ রানা ৪ ওভারে ২৬ রানে নেন ৪ উইকেট। ১৭১ রানের লক্ষ্যের জবাবে ভালো শুরু পায়নি বাংলাদেশ। চতুর্থ ওভারেই ফেরেন দুই ওপেনার সাইফ হাসান ও তানজিদ হাসান। এরপর তাওহিদ হৃদয় ও ইয়াসির আলীর ২৯ বলে ৩৯ রানের জুটি কিছুটা আশা জাগায়। হৃদয় ফেরেন ১৩ বলে ১৪ রান করে। তিন বছর পর টি-টোয়েন্টিতে ফেরা ইয়াসির আলী তুলে নেন ফিফটি, ম্যাচ জেতানোর দায়িত্ব ছিল তার কাঁধেই। শেষ তিন ওভারে ৫ উইকেট হাতে রেখে দরকার ছিল ৪৮ রান।
কিন্তু সেখান থেকে মাত্র ৮ রানের মধ্যে শেষ ৫ উইকেট হারিয়ে ফেলে বাংলাদেশ। ১৩৮ রানে অলআউট হয়ে ৩২ রানে ম্যাচ হারে তারা। এবারের সফরে টানা তিন ফরম্যাটেই জিম্বাবুয়ের কাছে হারের স্বাদ পেলো বাংলাদেশ। সিরিজে ফিরতে হলে পরের ম্যাচে জিততেই হবে তাওহিদ হৃদয়ের দলকে। আগামীকাল একই ভেন্যুতে হবে দ্বিতীয় টি-টোয়েন্টি।
