নিয়ম ভেঙে ৩০ মিনিট বিরতি দিতে চায় ফিফা

নিয়ম ভেঙে ৩০ মিনিট বিরতি দিতে চায় ফিফা

ফন্ট সাইজ:

নিজেদের তৈরি নিয়মই ভাঙতে চলেছে ফিফা। আগামী ফাইনাল অনুষ্ঠিত হতে যাচ্ছে যুক্তরাষ্ট্রের নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে। বিশ্বকাপের ইতিহাসে প্রথমবারের মতো সেখানে আয়োজন করা হচ্ছে আমেরিকান ফুটবলের ‘সুপার বোল’-এর আদলে এক মেগা হাফটাইম কনসার্ট। ব্রিটিশ সংবাদমাধ্যম ‘দ্য টাইমস’-এর প্রতিবেদন অনুযায়ী, এমন আয়োজন বিশ্বকাপের ইতিহাসে এবারই প্রথম।

এত বড় আয়োজনের মঞ্চ তৈরি ও তা সরিয়ে নেয়ার জন্য প্রয়োজন বাড়তি সময়। আর সে কারণেই ফাইনালের মধ্যবিরতি প্রচলিত ১৫ মিনিট থেকে বাড়িয়ে প্রায় ৩০ মিনিট করার পরিকল্পনা করেছে ফিফা—যা সরাসরি সাংঘর্ষিক ফুটবলের আন্তর্জাতিক আইন ও ফিফার নিজস্ব নিয়মের সঙ্গে।বিশ্বকাপের নিয়মের ৩৬.১ অনুচ্ছেদে স্পষ্ট বলা আছে, ইন্টারন্যাশনাল ফুটবল অ্যাসোসিয়েশন বোর্ডের (আইএফএবি) নিয়ম অনুযায়ীই পরিচালিত হতে হবে সব ম্যাচ। আর ৩৬.৫ অনুচ্ছেদ অনুযায়ী, দুই অর্ধের মাঝে খেলোয়াড়েরা পাবেন সর্বোচ্চ ১৫ মিনিটের বিরতি। আইএফএবির ৭ নম্বর আইনেও একই সময়সীমা বেঁধে দেওয়া আছে। নিয়মে অবশ্য এটাও বলা আছে যে বিশেষ প্রয়োজনে রেফারি চাইলে কিছুটা পরিবর্তন আনতে পারেন, তবে সর্বোচ্চ সীমা সেই ১৫ মিনিটই থেকে যায়। অথচ এখন পর্যন্ত নিয়ম পরিবর্তনের কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি ফিফা। নেয়নি ফাইনালের জন্য কোনো বিশেষ অনুমতিও।

১১ মিনিটের এই জমকালো কনসার্টে মঞ্চ মাতাবেন ম্যাডোনা, শাকিরা, বিটিএস, জাস্টিন বিবার, বার্না বয় ও কোল্ডপ্লের মতো বিশ্বখ্যাত তারকারা। গ্লোবাল সিটিজেনের সঙ্গে যৌথভাবে আয়োজিত এই কনসার্টের মূল লক্ষ্য সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষা ও ফুটবলে প্রবেশাধিকার নিশ্চিতে একটি তহবিল গঠন করা। ফুটবলে বিরতির সময় বাড়ানো নিয়ে আলোচনা অবশ্য এবারই প্রথম নয়। ২০২১ সালে লাতিন আমেরিকার ফুটবলের সর্বোচ্চ সংস্থা কনমেবল প্রস্তাব দিয়েছিল বিরতি ১৫ থেকে বাড়িয়ে ২৫ মিনিট করার, যাতে বড় টুর্নামেন্টের ফাইনালে কনসার্ট আয়োজন করা যায়। তবে যুক্তি ছিল স্পষ্ট—বিরতি লম্বা হলে খেলোয়াড়দের শরীর ঠান্ডা হয়ে যায়, যা তাদের ফিটনেস ও নিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ। এই যুক্তিতেই সে সময় প্রস্তাবটি বাতিল করে দেয় আইএফএবি। তবে নিয়ম ভাঙার মহড়া ফিফা আগেই দিয়ে রেখেছে। ২০২৫ সালে এই একই মেটলাইফ স্টেডিয়ামে ক্লাব বিশ্বকাপের ফাইনালে কনসার্টের জন্য প্রায় ২৫ মিনিটের বিরতি দেওয়া হয়েছিল। এবার বিশ্বকাপ ফাইনালেও বিশেষ অনুমতি ছাড়াই একই পথে হাঁটলে আন্তর্জাতিক নিয়ম ভেঙেই আয়োজন করতে হবে ফুটবলের সবচেয়ে বড় এই ম্যাচ।


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন