কক্সবাজারের উখিয়ায় অভিযান চালিয়ে ২০ লাখ ৯৩ হাজার ১০০ টাকা, ১৮ পিস বার্মিজ ইয়াবা, একটি অটোরিকশা ও একটি মোবাইল ফোনসহ এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (৩৪ বিজিবি)। মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে রেজুপাড়া বিওপি’র বিশেষ টহলদল গোপন সংবাদের ভিত্তিতে উখিয়া উপজেলার বড়বিল এলাকার লেঙ্গুর বিল উচ্চ বিদ্যালয় সংলগ্ন স্থানে এ অভিযান পরিচালনা করে। আটক ব্যক্তি হলেন উত্তর বড়বিল গ্রামের মৃত আলী আহমেদের ছেলে মো. জাহাঙ্গীর আলম (২৬)।
৩৪ বিজিবি’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম জানান, সন্দেহের ভিত্তিতে জাহাঙ্গীর আলমকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি ইয়াবা ও মাদক কেনাবেচার নগদ অর্থ বহনের কথা স্বীকার করেন। পরে তার কাছ থেকে ২০ লাখ ৯৩ হাজার ১০০ টাকা, ১৮ পিস বার্মিজ ইয়াবা, একটি অটোরিকশা এবং একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন জব্দ করা হয়। বিজিবি জানিয়েছে, জব্দ করা আলামতসহ আটক ব্যক্তির বিরুদ্ধে প্রচলিত আইনে মামলা করে উখিয়া থানার মাধ্যমে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। বিজিবি’র পক্ষ থেকে জানানো হয়, সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
