ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান ডিজিটাল ডট নেট-এর কার্যালয়ে হামলার ঘটনায় জড়িতদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের দাবি জানিয়েছে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স এসোসিয়েশন অব বাংলাদেশ (আইএসপিএবি)। অন্যথায় চট্টগ্রাম বিভাগ জুড়ে ইন্টারনেট সেবা বন্ধ করে দেয়ার হুঁশিয়ারি দিয়েছে সংগঠনটি।
মঙ্গলবার চট্টগ্রাম প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন আইএসপিএবি নেতারা। সংবাদ সম্মেলনে আইএসপিএবি কেন্দ্রীয় কমিটির পরিচালক রাশিদুর রহমান রাজনসহ চট্টগ্রাম বিভাগের বিভিন্ন পর্যায়ের সদস্যরা উপস্থিত ছিলেন। পরে প্রেস ক্লাবের সামনে চট্টগ্রামের বিভিন্ন ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানের শতাধিক কর্মকর্তা-কর্মচারী মানববন্ধন করেন। সংগঠনটির নেতারা বলেন, জনস্বার্থ বিবেচনায় এখন পর্যন্ত ইন্টারনেট সেবা চালু রাখা হয়েছে। তবে ২৪ ঘণ্টার মধ্যে হামলাকারীদের গ্রেপ্তার করা না হলে কঠোর কর্মসূচির অংশ হিসেবে চট্টগ্রাম বিভাগে ইন্টারনেট সেবা বন্ধ করতে বাধ্য হবেন তারা।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আইএসপিএবি চট্টগ্রাম বিভাগের আহ্বায়ক রাজীব শাহরিয়ার রুবেন্স বলেন, শনিবার ডিডিএনের কাছে ফোনে চাঁদা দাবি করা হয়। পরদিন সোমবার দুপুরে একদল সশস্ত্র ব্যক্তি প্রতিষ্ঠানটির কার্যালয়ে হামলা চালিয়ে ভাঙচুর করে। এতে কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং নিরাপত্তাহীনতার কারণে অনেকেই কর্মস্থলে যেতে ভয় পাচ্ছেন।
তিনি বলেন, দেশের বিভিন্ন স্থানে ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানগুলো নিয়মিত চাঁদাবাজি, হুমকি ও হয়রানির শিকার হচ্ছে। এটি শুধু একটি প্রতিষ্ঠানের সমস্যা নয়, বরং পুরো আইএসপি খাতের জন্য বড় ধরনের নিরাপত্তা সংকট। সংবাদ সম্মেলনে চার দফা দাবি তুলে ধরা হয়। দাবিগুলো হলো- ডিডিএনের কার্যালয়ে হামলায় জড়িতদের দ্রুত শনাক্ত করে ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা, দেশের সব আইএসপি প্রতিষ্ঠান ও তাদের নেটওয়ার্ক অবকাঠামোর নিরাপত্তা জোরদার করা, আইএসপি খাতে সংঘটিত চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের দ্রুত তদন্ত করে কঠোর আইনগত ব্যবস্থা নেয়া এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বিত উদ্যোগ গ্রহণ।
