উধাও স্ত্রীর সন্ধান চেয়ে প্রবাসীর ৫০ হাজার টাকা পুরস্কার ঘোষণা

ফন্ট সাইজ:

নোয়াখালী সোনাইমুড়ী উপজেলার দেওটি ইউনিয়নে যুক্তরাষ্ট্র প্রবাসী এক ব্যক্তি স্ত্রীর অন্য এক যুবকের সঙ্গে পালিয়ে গেছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় ওই নারীর বাবা সোনাইমুড়ী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। একইসঙ্গে নগদ অর্থ ও স্বর্ণালংকার নিয়ে যাওয়ার অভিযোগও করেছেন স্বজনরা। এদিকে নিখোঁজ স্ত্রীর সন্ধান চেয়ে ৫০ হাজার টাকা পুরস্কার ঘোষণা করেছেন স্বামী।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, সোনাইমুড়ী উপজেলার দেওটি ইউনিয়নের পিতাম্বরপুর মোল্লাবাড়ির বাসিন্দা মো. রুবেল জীবিকার তাগিদে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। বিদেশে যাওয়ার আগে তিনি পার্শ্ববর্তী বারগাঁও ইউনিয়নের মকিল্যা বড় বাড়ির জাকির হোসেন টিপুর মেয়ে নুসরাত জাহান জেনির (২৪) সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। স্বজনদের অভিযোগ, প্রবাসে স্বামী থাকার সুযোগে জেনির সঙ্গে তার খালাতো ভাই সজীবের ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে। গেল ১০ই জুলাই কেনাকাটার কথা বলে বাবার বাড়ি থেকে বের হওয়ার পর থেকে তিনি নিখোঁজ রয়েছেন। পরিবারের দাবি, তিনি সজীবের সঙ্গে চলে গেছেন। এ সময় নগদ অর্থ ও স্বর্ণালংকার সঙ্গে নিয়ে যাওয়ার অভিযোগও করেছেন তারা।

এ ছাড়া জেনির এক আত্মীয় তাকে এ ঘটনায় সহযোগিতা করেছেন বলেও অভিযোগ পরিবারের। মেয়ের কোনো খোঁজ না পেয়ে জেনির বাবা জাকির হোসেন টিপু গত সোমবার সোনাইমুড়ী থানায় একটি সাধারণ ডায়েরি করেন। এ বিষয়ে সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন জিডি’র বিষয়টি নিশ্চিত করে মানবজমিনকে বলেন, নিখোঁজ ওই নারীর সন্ধানে পুলিশ কাজ করছে। এদিকে যুক্তরাষ্ট্র প্রবাসী স্বামী মো. রুবেল সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্টে জানিয়েছেন, কেউ তার স্ত্রীর সন্ধান দিতে পারলে তাকে ৫০ হাজার টাকা পুরস্কার দেয়া হবে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন