সিলেট নগরীর পীরমহল্লায় প্রবাসী পরিবারের বাড়িতে যাতায়াতের সরকারি রাস্তা দখল, চাঁদা দাবি, আদালতের আদেশ অমান্য, মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানি এবং হামলা-হুমকির অভিযোগ উঠেছে একই এলাকার বাসিন্দা হুমায়ুন বখতের বিরুদ্ধে। নিজেকে বিএনপি’র কর্মী পরিচয় দিয়ে রাজনৈতিক প্রভাব খাটিয়ে এসব কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন বলে অভিযোগ করেছেন প্রবাসী পরিবারের সদস্য ফাতেমা জান্নাত বাবলী। মঙ্গলবার সিলেট প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি এসব অভিযোগ করেন। লিখিত বক্তব্যে ফাতেমা জান্নাত বাবলী বলেন, তার দুই ভাই যুক্তরাজ্যপ্রবাসী আব্দুল্লাহ সিদ্দিক ইবনে আম্বিয়া এবং কানাডাপ্রবাসী সাংবাদিক ফারুক ইবনে আম্বিয়া আলমগীর প্রবাসে উপার্জিত অর্থে নগরীর পশ্চিম পীরমহল্লায় তিনতলা একটি বাড়ি নির্মাণ করেন।
বাড়ি নির্মাণের পর থেকেই প্রতিবেশী হুমায়ুন বখত, তার স্ত্রী নাসিমা বেগম ও মেয়ে নাজিফা বিভিন্নভাবে নির্যাতন ও হয়রানি চালিয়ে আসছেন বলে অভিযোগ করেন তিনি। তিনি দাবি করেন, প্রথমে ১০ লাখ এবং পরে ৫ লাখ টাকা চাঁদা দাবি করা হয়। দাবিকৃত অর্থ না দেয়ায় বাড়ির প্রবেশপথে ভাঙা ইট, গৃহস্থালি আবর্জনা ও শিশুর মলমূত্র ফেলে যাতায়াতে বাধা সৃষ্টি করা হয়। সমপ্রতি ইট দিয়ে দেয়াল নির্মাণ করে প্রবেশপথ বন্ধেরও চেষ্টা করা হয়েছে। বর্তমানে দেয়াল টপকে বাড়িতে যাতায়াত করতে হচ্ছে বলেও তিনি জানান।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, বিরোধপূর্ণ পথটি সিলেট সিটি করপোরেশনের গেজেটভুক্ত সরকারি রাস্তা। দীর্ঘদিন ধরে স্থানীয় বাসিন্দারা এই রাস্তা ব্যবহার করে আসছেন। গ্যাস, বিদ্যুৎ সংযোগ, বাড়ি নির্মাণের মালামাল পরিবহন এবং সিটি করপোরেশনের বর্জ্য সংগ্রহও এই পথ দিয়েই হয়ে থাকে। কিন্তু হুমায়ুন বখত সরকারি রাস্তাটি নিজের দাবি করে সিটি করপোরেশনের বর্জ্যবাহী ভ্যান ও পরিচ্ছন্নতাকর্মীদেরও বাধা দেন বলে অভিযোগ করেন তিনি।
