শায়েস্তাগঞ্জে মানহীন অপরিশোধিত বোতলজাত পানি, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

ফন্ট সাইজ:

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ পৌরসভা ও উপজেলার বিভিন্ন এলাকায় বিশুদ্ধ পানির নামে অপরিশোধিত বোতলজাত ও জারের পানি বিক্রির অভিযোগ উঠেছে। স্থানীয় বাজার, অফিস, শিক্ষাপ্রতিষ্ঠান, হাসপাতাল, হোটেল-রেস্টুরেন্ট এবং বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে প্রতিদিন বিপুল পরিমাণ পানি সরবরাহ করা হলেও এসব প্রতিষ্ঠানের অনেকগুলোরই প্রয়োজনীয় সরকারি অনুমোদন ও মান নিয়ন্ত্রণ ব্যবস্থা রয়েছে কি না, তা নিয়ে জনমনে প্রশ্ন দেখা দিয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, পৌরশহর, নতুন ব্রিজ এলাকা, রেলগেট, অলিপুর, পুরান বাজার, দাউদনগরসহ বিভিন্ন এলাকায় কয়েকটি প্রতিষ্ঠান জার ও বোতলজাত পানি সরবরাহ করছে।

অভিযোগ রয়েছে, কোনো কোনো প্রতিষ্ঠান গভীর নলকূপের পানি সামান্য ফিল্টার করে বা যথাযথ পরিশোধন ছাড়াই ‘বিশুদ্ধ’ ও ‘আর্সেনিকমুক্ত’ পানির নামে বাজারজাত করছে। এসব পানি সরকারি-বেসরকারি অফিস, দোকানপাট, হাসপাতাল, বাসাবাড়ি এবং বিভিন্ন প্রতিষ্ঠানে নিয়মিত সরবরাহ করা হচ্ছে। সচেতন মহলের দাবি, বোতলজাত পানি উৎপাদন ও বাজারজাত করতে হলে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)-এর অনুমোদন, স্বাস্থ্যসম্মত উৎপাদন ব্যবস্থা, মান নিয়ন্ত্রণ ল্যাবরেটরি, প্রশিক্ষিত জনবল, স্বাস্থ্য সনদ, পরিবেশগত ছাড়পত্র এবং অন্যান্য আইনগত শর্ত পূরণ করা বাধ্যতামূলক।

কিন্তু বাস্তবে অনেক প্রতিষ্ঠান এসব নিয়ম যথাযথভাবে অনুসরণ করছে না বলে অভিযোগ রয়েছে। স্থানীয় পরিবেশবিদ ও ভোক্তা অধিকার সচেতন ব্যক্তিরা জানান, বিশুদ্ধ পানির নামে নিম্নমানের বা অপরিশোধিত পানি পান করলে ডায়রিয়া, টাইফয়েড, হেপাটাইটিস, কিডনি ও পাকস্থলীর বিভিন্ন জটিল রোগের ঝুঁকি বাড়তে পারে। স্থানীয় চিকিৎসকদের মতে, নিরাপদ পানির জন্য শুধু জীবাণুমুক্ত হওয়াই যথেষ্ট নয়। পানিতে আর্সেনিক, আয়রন, সীসা (লেড), ফ্লোরাইডসহ অন্যান্য ক্ষতিকর উপাদানের মাত্রাও নির্ধারিতমানের মধ্যে থাকতে হবে।

এদিকে সচেতন নাগরিকরা অভিযোগ করেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিয়মিত তদারকি না থাকায় কিছু অসাধু ব্যবসায়ী অবাধে এ ধরনের ব্যবসা পরিচালনা করছেন। ফলে জনস্বাস্থ্য মারাত্মক ঝুঁকির মুখে পড়ছে। এ বিষয়ে স্থানীয় প্রশাসন, বিএসটিআই, স্বাস্থ্য বিভাগ ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও প্রতিবেদন লেখা পর্যন্ত তাদের বক্তব্য পাওয়া যায়নি।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন