বন্যাদুর্গত মানুষের পাশে সরকার ও বিএনপি কাজ করছে: রিজভী

ফন্ট সাইজ:

বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব এডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, টানা ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলে বৃহত্তর চট্টগ্রামসহ দেশের বিভিন্ন জেলার মানুষ চরম দুর্ভোগে পড়েছেন। ক্ষতিগ্রস্ত মানুষের কষ্ট লাঘবে সরকার ও বিএনপি একযোগে কাজ করছে। বন্যাকবলিত এলাকায় খাদ্য, বিশুদ্ধ পানি, চিকিৎসাসহ প্রয়োজনীয় সহায়তা পৌঁছে দিতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান তিনি। মঙ্গলবার দুপুরে চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বারখাইন ইউনিয়নের তৈলারদ্বীপ গ্রামে বন্যাদুর্গত ও পানিবন্দি পরিবারের মাঝে ত্রাণ বিতরণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। রিজভী বলেন, শুরুতে দুর্গম এলাকায় ত্রাণ পৌঁছাতে কিছুটা সমস্যা হলেও এখন পানি পেরিয়ে বন্যার্ত মানুষের কাছে খাদ্য ও জরুরি সহায়তা পৌঁছে দেয়া হচ্ছে।

প্রশাসনের পাশাপাশি বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও মাঠে থেকে দুর্গত মানুষের পাশে রয়েছেন। তিনি জানান, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীরা নিজ নিজ উদ্যোগে ত্রাণ কার্যক্রম পরিচালনা করছেন। তাদের মূল লক্ষ্য হলো কোনো মানুষ যেন খাদ্য ও ওষুধের অভাবে না থাকেন। বিশেষ করে প্রত্যন্ত ও পানিবন্দি এলাকায় দ্রুত সহায়তা পৌঁছে দিতে সবাইকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি। রিজভী আরও বলেন, প্রশাসনের স্বাস্থ্য বিভাগকে সার্বক্ষণিক পরিস্থিতি পর্যবেক্ষণ করতে হবে, যাতে বন্যা-পরবর্তী সময়ে কোনো ধরনের স্বাস্থ্যঝুঁকি তৈরি না হয়।

একইসঙ্গে খাদ্য সংকট মোকাবিলায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণেরও তাগিদ দেন তিনি। তিনি অভিযোগ করেন, বিগত সরকারের অপরিকল্পিত উন্নয়ন, অব্যবস্থাপনা ও দুর্নীতির কারণে দেশের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা ও দুর্যোগের ঝুঁকি বেড়েছে। পরিকল্পনাহীন স্থাপনা নির্মাণ এবং প্রাকৃতিক জলাধার দখলের নেতিবাচক প্রভাব এখন মানুষকে ভোগ করতে হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি। বর্তমান সরকার জলাবদ্ধতা নিরসন ও পরিবেশ রক্ষায় বিভিন্ন উদ্যোগ নিয়েছে।

চট্টগ্রাম শহর, গ্রামাঞ্চল এবং পার্বত্য এলাকায় খাল, নালা ও কালভার্ট দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান পরিচালিত হচ্ছে এবং ভবিষ্যতেও এ কার্যক্রম অব্যাহত থাকবে। ত্রাণ বিতরণ অনুষ্ঠানে দক্ষিণ জেলা বিএনপি’র সদস্য সচিব লায়ন মো. হেলাল উদ্দিন, স্থানীয় প্রশাসনের কর্মকর্তাসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এ সময় উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব গাজী মো. ফোরকানের অর্থায়নে কয়েক শতাধিক বন্যাদুর্গত পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন