কিশোরগঞ্জের কুলিয়ারচরে মা ও স্ত্রীর নিকট থেকে নেশার টাকা না পেয়ে নিজের ৫ বছর বয়সী ছেলেকে নিয়ে বাড়ি থেকে উধাও হয়ে গেছে সাব্বির হোসেন নামের এক মাদকাসক্ত পিতা। সাব্বির উপজেলার সালুয়া ইউনিয়নের বাজারা গ্রামের মো. জহিরুল ইসলামের ছেলে। জানা যায়, সাব্বির দীর্ঘদিন ধরে গাঁজা, মদ ও নেশাজাতীয় ট্যাবলেট সেবন করে আসছে। আর এই নেশার টাকা জোগাড় করতে বাড়িতে থাকা ভ্যানগাড়ি, ছাগল এবং অন্যান্য আসবাবপত্র বিক্রি করে দিয়েছে।
এর পারেও নেশার টাকার জন্য প্রায়সময় সাব্বির তার মা ও স্ত্রীকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করে আসছে। এরই ধারাবাহিকতায় সাব্বির তার মা ও স্ত্রীর নিকট টাকা চেয়ে না পেয়ে গত ১০ই জুলাই বিকাল আনুমানিক ৫টার দিকে সাব্বির হোসেন তার ৫ বছর বয়সী ছেলে আবু বাকারকে সঙ্গে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যায়। এই ঘটনার ৫ দিন অতিবাহিত হলেও এখনো পর্যন্ত বাবা-ছেলের সন্ধান পাওয়া যায়নি।
সাব্বিরের ব্যবহৃত মোবাইল ফোনটিও বন্ধ রয়েছে। পরিবারের অপর সদস্যরা তাদের সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে না পেয়ে কান্নায় ভেঙে পড়েছেন। নিরুপায় হয়ে সাব্বিরের মা মোছা. বেদেনা খাতুন ছেলের বিরুদ্ধে কুলিয়ারচর থানায় সাধারণ ডায়েরি করেছেন। এ ঘটনায় এলাকায় ব্যাপক কৌতূহলের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা শিশুটিকে দ্রুত উদ্ধার করে মায়ের কোলে ফিরিয়ে দেয়ার জন্য পুলিশ প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন।
