‘আগামী ১৫ বছর বিশ্ব ফুটবল শাসাবেন ইয়ামাল’

‘আগামী ১৫ বছর বিশ্ব ফুটবল শাসাবেন ইয়ামাল’

ফন্ট সাইজ:

স্পেনের তরুণ ফরোয়ার্ড লামিনে ইয়ামাল সোমবার (১৩ জুলাই) ১৯ বছরে পা রেখেছেন। তবে এই বয়সেই তাকে বিশ্বের সেরা তরুণ আক্রমণভাগের খেলোয়াড়দের একজন হিসেবে বিবেচনা করা হচ্ছে।
বার্সেলোনার হয়ে ২০২৩-২৪ মৌসুমে দুর্দান্ত পারফরম্যান্সের পর তিনি স্পেনের ইউরো ২০২৪ দলে জায়গা করে নেন। ২০১৮ বিশ্বকাপে কিলিয়ান এমবাপ্পে যেমন নিজের প্রথম বড় আন্তর্জাতিক আসরেই আলো ছড়িয়েছিলেন, তেমনি ইয়ামালও ইউরোতে অসাধারণ নৈপুণ্য দেখিয়ে স্পেনকে শিরোপা জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।
গত বছর মাত্র ১৮ বছর বয়সেই ব্যালন ডি’অর পুরস্কারের ভোটে রানার-আপ হয়েছিলেন ইয়ামাল। তবে চলতি বছরের এপ্রিলে হ্যামস্ট্রিং চোটে পড়ায় বিশ্বকাপের প্রস্তুতিতে বড় ধাক্কা লাগে তার।

এবারের বিশ্বকাপে পাঁচটি ম্যাচে শুরু থেকে খেলেও তিনি করেছেন মাত্র একটি গোল। ফলে কিলিয়ান এমবাপ্পে, লিওনেল মেসি কিংবা জুড বেলিংহামের মতো আলো ছড়াতে পারেননি।
স্পেনের প্রধান কোচ লুইস দে লা ফুয়েন্তে বলেন, আমি ওকে শান্ত থাকতে বলেছি। গত বছরই সে পরিণত খেলোয়াড় হয়ে উঠেছে। এখন তার বয়স মাত্র ১৯। আমি শুধু বলেছি, উদ্বেগ ভুলে ফুটবলটা উপভোগ করতে। এই বিশ্বকাপে লামিনের বড় মুহূর্ত এখনও আসেনি।
এবারের বিশ্বকাপে ইয়ামাল ও নিকো উইলিয়ামস পুরোপুরি ফিট না থাকায় স্পেনের খেলার ধরনেও পরিবর্তন আনতে হয়েছে কোচকে। ইউরো চ্যাম্পিয়ন দলটি আগে উইং দিয়ে দ্রুত আক্রমণে প্রতিপক্ষকে চাপে ফেললেও এখন তারা বলের নিয়ন্ত্রণ ধরে রাখার ওপর বেশি গুরুত্ব দিচ্ছে।

স্প্যানিশ ফুটবল সাংবাদিক রুয়ারিধ বারলো বলেন, এতে ইয়ামালকে অনেক কম জায়গায় খেলতে হচ্ছে। প্রতিপক্ষের একাধিক ডিফেন্ডার তাকে ঘিরে রাখছে, আর স্পেনের আক্রমণেও আগের মতো গতি নেই। তাই সে আগের মতো চোখধাঁধানো ফুটবল খেলতে পারছে না।
তার মতে, ‘স্পেনের এখন ইয়ামালের কাছ থেকে প্রতি ম্যাচে দুই-তিনটি এমন মুহূর্তই দরকার, যেখানে সে প্রতিপক্ষের রক্ষণ ভেঙে দিতে পারে। এখন পর্যন্ত সে মোটামুটি সেটাই করে দেখিয়েছে।’
বেলজিয়ামের বিপক্ষে কোয়ার্টার ফাইনালে দলের অন্য যে কোনো খেলোয়াড়ের চেয়ে বেশি দ্বৈরথে জিতেছিলেন ইয়ামাল। সেই ম্যাচের আগে দে লা ফুয়েন্তে বলেছিলেন, এখনই তার সময়। ১০টি গোল করার জন্য নয়, বরং গুরুত্বপূর্ণ ম্যাচে পার্থক্য গড়ে দেয়ার জন্য।

বার্সেলোনার সাবেক কোচ জাভি, যিনি ইয়ামালকে প্রথমবারের মতো বার্সেলোনার মূল দলে অভিষেকের সুযোগ করে দিয়েছিলেন, তিনি মনে করেন এই তরুণই আগামী দিনের বিশ্ব ফুটবল শাসন করবেন।
দ্য অ্যাথলেটিক-এ লেখা এক কলামে জাভি বলেন, আমরা অনেক সময় ভুলে যাই, তার বয়স মাত্র ১৯। হয়তো আমরা তার কাছে অনেক বেশি প্রত্যাশা করি। কিন্তু সে অসাধারণ প্রতিভাবান। মাঠে এমন অনেক কিছু করার ক্ষমতা তার আছে যে, সতীর্থরাও এখন তাকে বেশি খুঁজে নেয়। ম্যাচে যখনই সমস্যা হয়, বলটা চলে যায় লামিনের কাছেই।
তিনি আরও বলেন, এত কম বয়সে মাঠে নেতৃত্ব দিয়ে ম্যাচের পার্থক্য গড়ে দেয়ার ক্ষমতা আমরা খুব কম খেলোয়াড়ের মধ্যে দেখেছি। লিওনেল মেসি, দিয়েগো ম্যারাডোনা, পেলে এবং হয়তো রোনালদো নাজারিওর পর এমন গুণ আমি লামিনের মধ্যেই দেখছি।

সবশেষে জাভির ভবিষ্যদ্বাণী, যদি সে নিজেকে সঠিকভাবে ধরে রাখতে পারে, তাহলে আগামী ১৫ থেকে ২০ বছর বিশ্ব ফুটবল হবে লামিনে ইয়ামালের।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন