বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বেশি দলের ও ম্যাচের টুর্নামেন্টটি শেষ পর্যায়ে এসে পৌঁছেছে। ১০০ এর বেশি ম্যাচ খেলার পর মাত্র চারটি দল টিকে আছে সেমিফাইনালের জমজমাট লড়াইয়ে।
পুরো টুর্নামেন্ট জুড়ে দারুণ সব প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলা এবং বেশ কিছু আপসেট হলেও শেষপর্যন্ত এই পর্যায়ে যে চারটি দল টিকে আছে তারা ফিফার র্যাংকিং অনুযায়ীও শীর্ষ চারটি দল। ফিফা ১৯৯২ সালে র্যাংকিং পদ্ধতি চালু করার পর এমনটি আর ঘটেনি। আর এই চারটি দল সাবেক বিশ্ব চ্যাম্পিয়নও।
গতবারে ফাইনালে হেরে যাওয়া ফ্রান্স এবার টুর্নামেন্টে প্রথম থেকেই দারুন ফুটবল খেলে একের পর এক দলকে পরাস্ত করছে। তাদের লক্ষ্যে টানা তৃতীয়বারে মতো ফাইনালে উঠা এবং সেই খেলায় জয়লাভ করে ১৯৯৮ এবং ২০১৮ সালের পর আবার শিরোপা জেতা। সেই লক্ষ্যে আরো একটি বাধা পার হতে প্রথম সেমিফাইনালে দলটি মুখোমুখি হবে স্পেনের।
মঙ্গলবার রাতে, বাংলাদেশ সময় ১৫ই জুলাই রাত ১টায়, ডালাসে খেলাটি অনুষ্ঠিত হবে। এই ম্যাচ ঘিরে ইতিমধ্যে বিশ্লেষকরা ইতিমধ্যে নানা বিশ্লেষণ ও পূর্বাভাস দিয়েছেন।
পরিসংখ্যানভিত্তিক বিশ্লেষণকারী প্রতিষ্ঠান অপটার সুপারকম্পিউটারও তাদের পূর্বাভাসে জানিয়েছে, সেমিফাইনালে ফ্রান্সই এগিয়ে।
ম্যাচের আগে ২৫ হাজার বার সম্ভাব্য ফলাফলের সিমুলেশন চালিয়েছে প্রতিষ্ঠানটি। সেখানে দেখা গেছে, ৯০ মিনিটের মধ্যেই ফ্রান্স জয়ের সম্ভাবনা ৪৩ দশমিক ৯ শতাংশ, যা দুই দলের মধ্যে সর্বোচ্চ।
অন্যদিকে, নির্ধারিত সময়ে স্পেনের জয়ের সম্ভাবনা ২৯ শতাংশ।
এছাড়া, ম্যাচটি ৯০ মিনিটে ড্র হয়ে অতিরিক্ত সময়ে গড়ানোর সম্ভাবনা ২৭ দশমিক ১ শতাংশ বলে জানিয়েছে অপটা।
পরিসংখ্যান অনুযায়ী, ফ্রান্স কিছুটা এগিয়ে থাকলেও স্পেনের জয়ের সম্ভাবনাও উড়িয়ে দেয়ার মতো নয়। ফলে বিশ্বকাপের এই সেমিফাইনালে জমজমাট লড়াইয়ের আভাসই দিচ্ছে অপটার পূর্বাভাস।
