বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্পণের প্রশ্নকে ‘সম্পূর্ণ আইনি বিষয়’ বলে উল্লেখ করেছে ভারত সরকার। মঙ্গলবার (১৪ জুলাই) নয়াদিল্লিতে সাপ্তাহিক সংবাদ ব্রিফিংয়ে এ কথা বলেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল।
তিনি বলেন, এই বিষয়ে আমাদের অবস্থানে কোনো পরিবর্তন হয়নি। প্রত্যর্পণের যেকোনো বিষয়ই একটি আইনি বিষয় এবং সেটি আইন অনুযায়ীই নিষ্পত্তি করা হবে।
সম্প্রতি বার্তা সংস্থা রয়টার্স’কে দেয়া এক সাক্ষাৎকারে শেখ হাসিনা বলেন, তিনি এবং আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতারা আগামী ডিসেম্বরের মধ্যে বাংলাদেশে ফিরে আত্মসমর্পণের পরিকল্পনা করছেন। সেই বক্তব্যের পরিপ্রেক্ষিতে সাংবাদিকের প্রশ্নের জবাবে এই মন্তব্য করেন জয়সওয়াল।
বাংলাদেশে ভারতের বিভিন্ন উন্নয়ন প্রকল্প অগ্রগতির অভাবে স্থগিত হতে পারে- গণমাধ্যমের এমন প্রতিবেদনের বিষয়ে জানতে চাইলে জয়সওয়াল বলেন, বাংলাদেশে আমাদের উন্নয়ন প্রকল্পগুলো দুই দেশের পারস্পরিক পরামর্শের ভিত্তিতে গ্রহণ করা হয়েছে এবং সেই প্রক্রিয়াই অব্যাহত রয়েছে।
২০২৪ সালের আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মুখে বাংলাদেশ ছাড়ার পর থেকে শেখ হাসিনা ও আওয়ামী লীগের একাধিক নেতা ভারতে অবস্থান করছেন।
