মৌলভীবাজারে অসহায় বন্যার্তদের মাঝে মানবিক সহায়তা নিয়ে পাশে দাঁড়ালো পুলিশ। মঙ্গলবার সকালে মৌলভীবাজারের রাজনগর উপজেলার টেংরা ইউনিয়নের মনুনদীর তীরবর্তী একা মধুপুর গ্রামের বেড়িবাঁধ এলাকায় বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে সিলেট রেঞ্জ অফিসের পক্ষ থেকে বিশেষ মেডিকেল ক্যাম্প ও ত্রাণ বিতরণ করা হয়। ত্রাণসামগ্রী বিতরণ ও মেডিকেল ক্যাম্প পরিদর্শন করেন সিলেট রেঞ্জের ডিআইজি ড. মো. জিল্লুর রহমান। এ সময় বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে চাল, ডাল, তেল, পিয়াজ, লবণ, আলু, চিড়া, মুড়ি, বিস্কুটসহ প্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। একইসঙ্গে চিকিৎসাসেবাবঞ্চিত মানুষের জন্য মৌলভীবাজার পুলিশ লাইন্স হাসপাতালের চিকিৎসকদের তত্ত্বাবধানে বিশেষ মেডিকেল ক্যাম্প পরিচালনা করা হয়।
ক্যাম্পে বন্যার্তদের প্রয়োজনীয় চিকিৎসাসেবা প্রদান, ওষুধ, ওরস্যালাইন এবং বিশুদ্ধ পানির জন্য পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট বিতরণ করা হয়। ত্রাণ বিতরণকালে ডিআইজি জিল্লুর রহমান বলেন, বাংলাদেশ পুলিশ সর্বদা জনগণের জানমালের নিরাপত্তার পাশাপাশি যেকোনো দুর্যোগে মানবিক সহায়তা প্রদানে বদ্ধপরিকর। আকস্মিক বন্যায় এই অঞ্চলের মানুষ চরম দুর্ভোগে পড়েছেন। যেকোনো দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো বাংলাদেশ পুলিশের মানবিক দায়িত্ব। অনুষ্ঠানে বিশেষ মেডিকেল ক্যাম্পের মাধ্যমে বন্যাকবলিত এলাকার মানুষকে বিনামূল্যে চিকিৎসকের পরামর্শ, প্রেসক্রিপশন এবং প্রয়োজনীয় ওষুধ সরবরাহ করা হয়।
বন্যায় পানিবাহিত রোগের প্রাদুর্ভাব ঠেকাতে এই ক্যাম্পটি বন্যাদুর্গতদের সহায়ক হয়। ত্রাণ বিতরণ ও মেডিকেল ক্যাম্পে উপস্থিত ছিলেন সিলেট রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ আনোয়ারুল হক, পুলিশ সুপার মুহাম্মদ শরিফুল ইসলাম, পুলিশ সুপার আমিনুল ইসলাম, মৌলভীবাজারের পুলিশ সুপার মো. মনিরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আসিফ মহিউদ্দীন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অবস) নভেল চাকমা, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আবুল খয়েরসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গরা।
