বরগুনা সদর উপজেলায় নিখোঁজ যুবকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গত সোমবার দুপুরে কেওড়াবুনিয়া ইউনিয়নের আমড়াঝুড়ি এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত মো. শিপন হাওলাদার (২৬) কেওড়াবুনিয়া ইউনিয়নের আমড়াঝুড়ি গ্রামের মো. সোহরাব হাওলাদারের ছেলে। শিপনের বাবা জানিয়েছেন, গত শনিবার বিকাল সাড়ে ৩টার দিকে সুপারি বিক্রির উদ্দেশ্যে বাড়ি থেকে বাজারে যান শিপন। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন। পরিবারের সদস্যরা বিভিন্নস্থানে খোঁজাখুঁজি করেও কোনো সন্ধান পাননি। পরে নিখোঁজের দুইদিন পর বসতঘরের পাশের পরিত্যক্ত নালায় একটি বস্তা পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে তাদের সন্দেহ হলে পুলিশে খবর দিলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।
তিনি আরও বলেন, আমি সন্তান হত্যার বিচার এবং জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। বরগুনা সদর থানার ওসি আবু শাহাদাত মো. হাসনাইন পারভেজের ভাষ্য, ঘটনা তদন্ত করা হচ্ছে। প্রাথমিক ধারণা, তাকে পরিকল্পিতভাবে হত্যা করে মরদেহ বস্তাবন্দি করে ফেলে রাখা হয়েছিল। ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্তের ভিত্তিতে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
