৯৮ হাজার টাকায় হজ ফ্লাইট পরিচালনার প্রস্তাব দিলো ইউএস-বাংলা

৯৮ হাজার টাকায় হজ ফ্লাইট পরিচালনার প্রস্তাব দিলো ইউএস-বাংলা

ফন্ট সাইজ:

ঢাকা থেকে সৌদি আরবে ৯৮ হাজার টাকা নেট ভাড়ায় হজ ফ্লাইট পরিচালনার প্রস্তাব দিয়েছে বেসরকারি বিমান সংস্থা ইউএস-বাংলা এয়ারলাইন্স। এ লক্ষ্যে ২০২৭ সালের হজ মৌসুমে বাংলাদেশ থেকে হজযাত্রী পরিবহনের অনুমতিও চেয়েছে প্রতিষ্ঠানটি। মঙ্গলবার ধর্ম মন্ত্রণালয়ের সচিবের কাছে পাঠানো এক চিঠিতে এ প্রস্তাব দেন ইউএস-বাংলা এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন।

চিঠিতে ইউএস-বাংলা জানায়, বেসরকারি বিমান সংস্থা হিসেবে হজযাত্রীদের স্বল্প খরচে উন্নত সেবা দেওয়ার সক্ষমতা রাখে ইউএস-বাংলা এয়ারলাইন্স। বর্তমানে হজ ফ্লাইট পরিচালনায় বিমান ভাড়াই সবচেয়ে বড় ব্যয়ের খাত। গত বছর একটি হজ টিকিটের ভাড়া ছিল ১ লাখ ৫৯ হাজার ৬৩০ টাকা।
সংস্থাটির দাবি, হজ ফ্লাইট পরিচালনার সুযোগ পেলে তারা নেট বিমানভাড়া ৯৮ হাজার টাকায় নামিয়ে আনতে পারবে। এতে ট্যাক্স, বিভিন্ন চার্জ ও এজেন্সি কমিশন বাদে মূল বিমান ভাড়ার অংশ উল্লেখযোগ্যভাবে কমবে, যা হজযাত্রীদের সার্বিক ব্যয় কমাতে সহায়ক হবে।

ইউএস-বাংলা জানায়, সৌদি আরবের রাষ্ট্রীয় বিমান সংস্থা সৌদিয়া এয়ারলাইন্সের পাশাপাশি বেসরকারি বিমান সংস্থা ফ্লাইনাস দীর্ঘদিন ধরে বাংলাদেশ থেকে হজযাত্রী পরিবহন করে আসছে। তাই বাংলাদেশেও বেসরকারি বিমান সংস্থাকে হজ ফ্লাইট পরিচালনার সুযোগ দেওয়া হলে প্রতিযোগিতা বাড়বে এবং যাত্রীরা আর্থিকভাবে উপকৃত হবেন। চিঠিতে ২০২৭ সালের হজ মৌসুমে ইউএস-বাংলা এয়ারলাইন্সকে হজ ফ্লাইট পরিচালনার অনুমতি দেওয়ার জন্য ধর্ম মন্ত্রণালয়ের কাছে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানানো হয়েছে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন