এআই ভিডিওতে দেয়া মন্তব্যে নতুন গুঞ্জন

২০৩০ বিশ্বকাপে নেইমার!

এআই ভিডিওতে দেয়া মন্তব্যে নতুন গুঞ্জন

ফন্ট সাইজ:

বিশ্বকাপের শেষ ষোলোতে নরওয়ের কাছে হেরে ব্রাজিলের বিদায় এবং এরপরই নেইমার জুনিয়রের আকস্মিক অবসরের ইঙ্গিত- দুইয়ে মিলে বেশ কিছুদিন ধরেই বিষাদের ছায়া সেলেসাও শিবিরে। মেটলাইফ স্টেডিয়ামে বিদায় নেয়ার সময় অশ্রুসিক্ত চোখে নেইমার বলেছিলেন, ‘আমি চেষ্টা করেছি। আমার যাত্রা এখানেই শেষ।’ তবে বিদায়ের কয়েক দিন পরই নতুন এক নাটকের জন্ম দিলেন এই ব্রাজিলিয়ান পোস্টার বয়। ভক্তদের মনে আবারও জ্বালিয়ে দিলেন আশার প্রদীপ।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ‘নার্ডসোল’ নামক পেজ থেকে তৈরি একটি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) ভিডিও ছড়িয়ে পড়ে। সেখানে দেখা যায়, ২০২৬ সালের নেইমার কথা বলছেন তার শৈশবের রূপের সঙ্গে। সেখানে ২০৩০ সালের বিশ্বকাপের সোনালী ট্রফি হাতে এক ‘ভবিষ্যতের নেইমার’কে দেখানো হয়। শৈশবের নেইমার বড় নেইমারকে জিজ্ঞাসা করেন, সে ট্রফিটা জয়ের জন্য আরেকবার চেষ্টা করবে কি না। জবাবে ছোট্ট নেইমার বলে ওঠেন, ‘হ্যাঁ, শেষবারের মতো।’

এই আবেগঘন ভিডিওতে প্রতিক্রিয়া জানাতে ভুলেননি ৩৪ বছর বয়সী নেইমার। তিনি পোস্টটিতে আবেগাপ্লুত কান্নার ইমোজি দিয়ে মন্তব্য করেন, যা মুহূর্তেই লাখ লাখ লাইক কুড়ায়। ভক্তদের মাঝে শোরগোল পড়ে যায়- তবে কি ২০৩০ সালের বিশ্বকাপে আবারও হলুদ জার্সি গায়ে দেখা যাবে নেইমারকে?

বর্তমানে তার বয়স ৩৪ হলে ২০৩০ সালে দাঁড়াবে ৩৮-এ। ৩৯ বছর বয়সের লিওনেল মেসি ও ৪১ বছর বয়সী ক্রিস্টিয়ানো রোনালদো যদি ২০২৬ বিশ্বকাপে খেলতে পারেন, তবে নেইমার কেন ২০৩০ সালে আরেকবার মাঠে নামতে পারবে না? যদিও এখানে সেলেসাও মহাতারকার শারীরিক সুস্থতা সবচেয়ে বড় প্রশ্ন।

অবশ্য ব্রাজিলিয়ান গণমাধ্যম ‘ইউওএল এস্পোর্তে’র দাবি ভিন্ন। তাদের মতে, নেইমারের জাতীয় দল ছাড়ার সিদ্ধান্ত চূড়ান্ত এবং তিনি ২০৩০ বিশ্বকাপে খেলবেন না। এছাড়া, সেলেসাওদের নতুন সাইকেলের কোচ কার্লো আনচেলোত্তির ভবিষ্যৎ পরিকল্পনাতেও নেইমার নেই। আপাতত সান্তোসে নিজের ক্লাব ক্যারিয়ারের ভবিষ্যৎ নিয়ে ভাবছেন তিনি।

তবে আশার আলো কিংবা সামাজিক যোগাযোগমাধ্যমের গুঞ্জন যতই ডালপালা মেলুক না কেন, এর আগে সিএনএন-কে দেয়া নেইমারের একটি বক্তব্য ভক্তদের বারবার মনে করিয়ে দেয় কঠিন বাস্তবতার কথা। নেইমার বলেছিলেন, ‘আমি জানি এটাই হবে আমার শেষ বিশ্বকাপ, আমার শেষ লড়াই এবং শেষ সুযোগ। এই বিশ্বকাপে খেলার জন্য আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব।’

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন