যশোরের শার্শায় মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজি প্রতিরোধে আইনশৃঙ্খলা কমিটির এক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুর ১২টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতিসহ জননিরাপত্তা-সংশ্লিষ্ট বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয়। সভায় সভাপতিত্ব করেন শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফজলে ওয়াহিদ।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- যশোর-১ (শার্শা) আসনে ধানের শীষের কাণ্ডারি আলহাজ নুরুজ্জামান লিটন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেনÑ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নিয়াজ মাখদুম ও শার্শা উপজেলা বিএনপি’র সভাপতি আবুল হাসান জহির। এ ছাড়া আরও উপস্থিত ছিলেন- শার্শা উপজেলা কৃষি অফিসার দীপক কুমার সাহা, শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুল হক, জামায়াতে ইসলামীর নেতা ফারুক হাসান, নায়েবে আমীর তৈবুর রহমান জাহাঙ্গীরসহ উপজেলা প্রশাসনের সকল দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিবর্গ ও গণমাধ্যম প্রতিনিধিরা।
সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, সন্ত্রাস, চাঁদাবাজি, চোরাচালান প্রতিরোধ, নাশকতা প্রতিরোধ, মানব পাচার প্রতিরোধ, নারী নির্যাতন, ধর্ষণ, কিশোর অপরাধ ও অবৈধভাবে মাটি উত্তোলনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। প্রধান অতিথি নুরুজ্জামান লিটনÑ মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও চোরাচালানের প্রতিরোধে ‘জিরো টলারেন্স’ নীতির ঘোষণা দেন। তিনি বলেন, এসব অপরাধমূলক কর্মকাণ্ডকে কোনোভাবেই ছাড় দেয়া হবে না। সন্ত্রাস, মাদক, চাঁদাবাজি, চোরাচালান ও সামাজিক অপরাধ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীকে আরও কার্যকর ভূমিকা রাখার ওপর তিনি গুরুত্ব আরোপ করেন।
