সাবেক ডিসি সারওয়ার আলম সিলেট ছাড়ার পর থেকে নানা নাটকীয়তা। মাঝখানে পোস্টিং পেয়েছিলেন ডিসি মু. রেজা হাসান। তিনিও আসেননি। এ নিয়ে এন্তার আলোচনা সিলেটে। তবে ২২ দিন পর চেয়ারে বসলেন নতুন ডিসি আব্দুল্লাহ আল মামুন। গতকাল সকালে তিনি জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে দায়িত্ব গ্রহণ করেন। এরপর বিভাগীয় কমিশনারের সঙ্গে দেখা করে দিনভর অফিসেই ব্যস্ত সময় কাটান। সারওয়ার আলম সিলেট ত্যাগের পর যে পরিবেশের সৃষ্টি হয়েছিলো সেটি কেটে গেছে। তার পক্ষে আন্দোলনও নেই মাঠে। ফলে শান্ত পরিবেশেই সিলেটে এসে দায়িত্ব নিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের এ উপসচিব। তার বাড়িও সিলেট বিভাগের সুনামগঞ্জে। ফলে সিলেট সম্পর্কে জানাশোনা ভালো আছে।
সূত্র বলছে; সিলেটের প্রশাসনের গতি আনার পাশাপাশি নাগরিক সেবা দ্রুত করার দিকে প্রথমেই নজর দিয়েছেন ডিসি। কর্মকর্তারা জানিয়েছেন- সোমবার সকাল ১০টায় নতুন জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুন দায়িত্ব গ্রহণ করেন। ভারপ্রাপ্ত জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পালনকারী অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট পিংকি সাহার কাছ থেকে তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার বুঝে নেন। দায়িত্ব গ্রহণের পর তিনি জেলার কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন।
