যশোরে রুবেল হোসেন নামে (৩৬) এক যুবদল নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল সকালে বাঘারপাড়া উপজেলার খাজুরা বাজার তেল পাম্পের পাশে এই ঘটনা ঘটে। নিহতের স্বজনদের দাবি রাজনৈতিক বিরোধের জের ধরে প্রতিপক্ষের সন্ত্রাসীরা এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটিয়েছে। নিহত রুবেল বন্দবিলা ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক ও তেলি ধান্যপাড়া গ্রামের মোনতাজ সরদারের ছেলে।
নিহতের ভাই রাজীব হোসেনসহ স্বজন ও রাজনৈতিক সহকর্মীরা জানান, রুবেল একটি কুরিয়ার সার্ভিসের গাড়িচালক। ডিউটি সেরে সকাল সাড়ে ১০টার দিকে তিনি বাড়ি ফেরেন এবং খাজুরা বাজারে সেলুনে যান। সেলুন থেকে বের হলে একই গ্রামের আব্দুর রউফের ছেলে যুবলীগ নেতা রাব্বি হোসেন ধারালো অস্ত্র দিয়ে রুবেলকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে। এ সময় রাব্বির সঙ্গে আরও কয়েকজন ছিল।
নিহতের ভাই দাবি করেন, পূর্ব রাজনৈতিক বিরোধের জেরে রাব্বি হোসেন ধারালো অস্ত্র দিয়ে রুবেলের বুকে, পিঠে ও মুখে এলোপাতাড়ি আঘাত করেন। তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ডা. কিসমোতারা বেগম জানান, রুবেলের শরীরে একাধিক আঘাতের চিহ্ন ছিল। অতিরিক্ত রক্ত ক্ষরণের কারণে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়। তার মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে। যশোর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. মিরাজুল ইসলাম জানান, হত্যাকাণ্ডের প্রকৃত কারণ অনুসন্ধানে পুলিশ কাজ শুরু করেছে। একইসঙ্গে ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম মাঠে তৎপর রয়েছে।
