গত কয়েক দিনের টানা বর্ষণে দেশের বিভিন্ন অঞ্চলে ভয়াবহ বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবান, সিলেটসহ বেশ কয়েকটি জেলার মানুষ পানিবন্দি হয়ে মানবেতর জীবন কাটাচ্ছেন। এরইমধ্যে অর্ধশ’রও বেশি মানুষ প্রাণ হারিয়েছেন। এমন পরিস্থিতিতে উদ্বেগ প্রকাশ করে বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন শোবিজ অঙ্গনের তারকারা। অভিনেত্রী নাদিয়া আহমেদ ফেসবুকে লিখেছেন, পানিবন্দি, ঘরবন্দি মানুষের জন্য দোয়া করুন সবাই। আল্লাহ্ মানুষকে নিরাপদ রাখুক, মানুষের দুর্ভোগ কমে আসুক। কারও মৃত্যু চাই না। সবাই যেন পরিবার নিয়ে নিরাপদে থাকতে পারে, নিরাপদ আশ্রয়স্থলে পৌঁছাতে পারে। সবাই সবার পাশে থাকি, প্রয়োজনীয় সহযোগিতার হাত বাড়িয়ে দিই। আল্লাহ্ সবাইকে রক্ষা করুক। অভিনেতা ইরফান সাজ্জাদ ফেসবুক পোস্টে বলেন, আমার চট্টগ্রাম ভালো নাই! বাঁশখালী, সাতকানিয়া, চকরিয়া, লোহাগাড়া, কক্সবাজার, বান্দরবান ভালো নাই! অথচ মেজর কোনো নিউজ নাই! কোনো আওয়াজ নাই! মানুষগুলো নীরবে মরে যাচ্ছে, কষ্ট পাচ্ছে, কবর থেকে লাশ ভেসে যাচ্ছে!
তিনি স্মরণ করিয়ে দেন, অতীতে দেশের বিভিন্ন অঞ্চলে বন্যা হলে চট্টগ্রামের মানুষ সবার আগে উদ্ধার ও ত্রাণ কার্যক্রমে ঝাঁপিয়ে পড়েছিলেন। কিন্তু এবার নিজের এলাকার মানুষ বিপদে থাকলেও সেইভাবে সহযোগিতা চোখে পড়ছে না বলে আক্ষেপ করেন তিনি। পোস্টের শেষে আল্লাহ্র কাছে দুর্গত মানুষের জন্য রহমত কামনা করেন এই অভিনেতা। অভিনেত্রী মেহজাবীন চৌধুরী বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত মানুষের জন্য দোয়া চেয়ে সামাজিক মাধ্যমে লিখেছেন, যারা প্রিয়জন, ঘরবাড়ি কিংবা জীবিকা হারিয়েছেন, আল্লাহ্ যেন তাদের ধৈর্য ও শক্তি দান করেন। একইসঙ্গে উদ্ধার ও ত্রাণকাজে নিয়োজিত ব্যক্তিদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে সবাইকে নিজ নিজ সামর্থ্য অনুযায়ী বন্যার্তদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তিনি।
অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনীও বন্যাকবলিত মানুষের জন্য সহায়তার আবেদন জানিয়েছেন। তিনি বলেন, চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবান, সিলেট, হবিগঞ্জসহ দেশের বিভিন্ন জেলা এখন পানির নিচে। হাজারো পরিবার ঘরছাড়া। তার ভাষায়, যারা ভালো আছেন, তারা সামর্থ্য অনুযায়ী এগিয়ে আসুন। এক প্যাকেট শুকনো খাবার বা এক বোতল পানিও এই মুহূর্তে একজন বন্যার্ত মানুষের জন্য অনেক বড় সহায়তা হতে পারে। কণ্ঠশিল্পী কাজী শুভ লিখেছেন, বন্যাদুর্গত এলাকাগুলোতে খাবার ও বিশুদ্ধ পানির সংকটে পানিবন্দি হয়ে আছে লাখো মানুষ। আল্লাহ্ পাক সবাইকে দ্রুত এই বালা মুসিবত থেকে রক্ষা করুক। সবাই বন্যার্তদের পাশে দাঁড়াই। কণ্ঠশিল্পী পড়শী লিখেছেন, চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবান, সিলেট, হবিগঞ্জসহ দেশের বিভিন্ন এলাকার বন্যার ছবি ও ভিডিওগুলো দেখে মনটা সত্যিই খুব খারাপ হয়ে যাচ্ছে। কতো মানুষ আজ ঘরবাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়ের খোঁজে, কতো পরিবার খাবার ও বিশুদ্ধ পানির সংকটেÑ ভাবলেই কষ্ট লাগে। এই কঠিন সময়ে যার যতটুকু সামর্থ্য আছে, আসুন নিজের জায়গা থেকে পাশে দাঁড়ানোর চেষ্টা করি। আমাদের কাছে ছোট মনে হওয়া সাহায্যটুকুও হয়তো কারও জন্য এই মুহূর্তে অনেক বড় ভরসা হতে পারে।
