বলিউডের গণ্ডি পেরিয়ে এবার হলিউডে অভিষেক হচ্ছে অভিনেত্রী দিশা পাটানির। প্রথম ছবিতেই তিনি কাজ করছেন অস্কারজয়ী অভিনেতা কেভিন স্পেসির সঙ্গে। স্পেসি পরিচালিত সিনেমা ‘হলিগার্ডস সাগা: দ্য পোর্টাল অব ফোর্স’র মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনে যাত্রা শুরু করছেন এই অভিনেত্রী। সম্প্রতি এক সাক্ষাৎকারে কেভিন স্পেসির সঙ্গে কাজের অভিজ্ঞতা তুলে ধরেন দিশা। তিনি বলেন, কেভিন স্পেসি সত্যিই অসাধারণ একজন অভিনেতা। তিনি সহশিল্পীদের মনস্তত্ত্ব খুব ভালো বোঝেন এবং অভিনয়ে নিজস্ব ব্যাখ্যা ও পরীক্ষা-নিরীক্ষার জন্য পর্যাপ্ত স্বাধীনতা দেন।
দিশা জানান, শুটিংয়ে প্রতিদিন সকালে স্পেসি পুরো ইউনিটকে নিয়ে দৃশ্য বিশ্লেষণ করতেন। মুখস্থ সংলাপের বাইরে গিয়ে ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে আবেগ খুঁজে বের করতে অভিনেতাদের উৎসাহ দিতেন। তিনি প্রায়ই জানতে চাইতেন, নির্দিষ্ট পরিস্থিতিতে আপনি কীভাবে প্রতিক্রিয়া দেখাবেন? কাঁদবেন নাকি অন্য কিছু অনুভব করবেন? এভাবে চরিত্রকে নিজের মতো করে গড়ে তুলতে সাহায্য করতেন। এর আগে কোনো নির্মাতার সঙ্গে এমন অভিজ্ঞতা হয়নি।
হলিউডে সুযোগ পাওয়া নিয়ে প্রচলিত ধারণারও বিরোধিতা করেন এই অভিনেত্রী। তার ভাষায়, আন্তর্জাতিক চলচ্চিত্রে কাজ পাওয়া শুধু অভিনয় দক্ষতার উপর নির্ভর করে না; সঠিক প্রতিনিধিত্ব, নিয়মিত অডিশন, যোগাযোগ, ভিসা-সংক্রান্ত প্রক্রিয়া এবং অনেক ক্ষেত্রে ভাগ্যও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। হলিউডে ক্যারিয়ার গড়তে আগ্রহীদের উদ্দেশ্যে দিশা বলেন, ওটা ভিন্ন একটি দেশ। ঘরে বসে হলিউডে সুযোগ পাওয়া কঠিন। সেখানে গিয়ে কিছুদিন থাকা, যোগাযোগ তৈরি করা এবং নিয়মিত অডিশন দেয়া প্রয়োজন। দিশাকে সর্বশেষ বড় পর্দায় দেখা গেছে ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’ ছবিতে। সামনে হলিউডের এই প্রজেক্টের পাশাপাশি বলিউডেও ব্যস্ত সময় কাটছে তার। খুব শিগগিরই ইমরান হাশমির বিপরীতে ‘আওয়ারাপান-২’ ছবিতে দেখা যাবে তাকে।
