চলছে ফুটবল বিশ্বকাপের উন্মাদনা। এই উন্মাদনায় ভাসছেন বিশ্বের ফুটবলপ্রেমীরা। বাদ যাননি তারকারাও। প্রিয় দল, খেলোয়াড় ও এবারের বিশ্বকাপ নিয়ে কথা বলেছেন অভিনেতা তৌসিফ মাহবুব। তিনি বরাবরই আর্জেন্টিনার কট্টর সমর্থক। লিওনেল মেসি তার প্রিয় খেলোয়াড়। যখন থেকে খেলা বুঝতে শিখেছেন, তখন থেকেই আর্জেন্টিনা করেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমেও খেলা নিয়ে বেশ সরব তৌসিফ। আর্জেন্টিনার খেলার দিন নিজের উচ্ছ্বাস প্রকাশ করেন ফেসবুকে।
এ অভিনেতা বলেন, প্রতিবারের মতো এবারের বিশ্বকাপ প্রাণভরে উপভোগ করছি। মেসিসহ পুরো টিম এবার রয়েছে দুর্দান্ত ফর্মে। শেষ খেলায় অসাধারণ খেলে মেসির গোল করা ছাড়াই সুইজারল্যান্ডের সঙ্গে জিতেছে আর্জেন্টিনা। এখন টার্গেট সেমিফাইনাল। ইংল্যান্ডের সঙ্গে ম্যাচ অনেক সহজ হবে না। ভালো খেলে জিততে হবে। তবে আমি বিশ্বাস করি, আর্জেন্টিনা সেমিফাইনালে জিতে ফাইনালে উঠবে। সব ঠিক থাকলে বিশ্বকাপও জিতবে। এবার বিশ্বকাপের খেলাগুলো খুব আয়োজন করে দেখছি। ব্যস্ততা থাকলেও খেলা দেখার চেষ্টা করছি। আর আর্জেন্টিনার খেলা তো মিস করছিই না। প্রতিটি খেলা শতভাগ উপভোগ করছি। মেসি এবার সর্বোচ্চ গোল করে গোল্ডেন বুটের দাবিদার। শেষ বিশ্বকাপটা তার জন্য স্মরণীয় হোকÑ সেটাই চাই।
