হাতিয়ায় দু’পক্ষের সংঘর্ষে রণক্ষেত্র আহত ৫০

ফন্ট সাইজ:

নোয়াখালীর হাতিয়ায় সংসদ সদস্য আবদুল হান্নান মাসুদের সমর্থক ও বিএনপি সমর্থকদের মধ্যে হামলা ও পাল্টা হামলার ঘটনা ঘটেছে। এতে দু’পক্ষের কমপক্ষে ৫০ জন আহত হয়েছে। গতকাল দুপুরে উপজেলার চানন্দী ইউনিয়নে নির্বাচন পরবর্তী সময়ে প্রকল্প বাজার এলাকায় পরিদর্শনে আবদুল হান্নান মাসুদ গেলে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এ ঘটনাকে কেন্দ্র করে পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়।

স্থানীয়রা জানান, নোয়াখালী-৬ আসনে সংসদ সদস্য আবদুল হান্নান মাসুদ দলীয় নেতাকর্মীদের নিয়ে গাড়িবহর যোগে প্রকল্প বাজার এলাকা অতিক্রম করার সময় দু’পক্ষের মধ্যে অতর্কিত হামলা পাল্টা হামলা হয়। একাধিক ককটেল বিস্ফোরণের শব্দ শোনা যায়। পরে আবদুল হান্নান মাসুদের সমর্থকরাও লাঠিসোটা ও দেশীয় অস্ত্র নিয়ে বিএনপি কার্যালয় ও নেতাকর্মীদের ওপর হামলা চালায়। এ সময় মোটরসাইকেলসহ বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করা হয়। এ বিষয়ে আবদুল হান্নান মাসউদ বলেন, আওয়ামী লীগ নেতা বেলাল মাঝির নেতৃত্বে দলটির কর্মীরা আমাদের লক্ষ্য করে ককটেল বিস্ফোরণ ঘটায়। তারা হামলা চালিয়ে আমাদের ৫ জনের অধিক লোককে অবরুদ্ধ করে রাখে এবং ৩০ জনকে আহত করে। গাড়ি বহরে থাকা ১০টির অধিক মোটরসাইকেলসহ বিভিন্ন গাড়ি ভাঙচুর চালায়। পুলিশের উপস্থিতিতে তারা এ হামলা চালালেও কোনো ব্যবস্থা নিতে পারেনি। বিএনপি’র সমর্থকরাও হামলায় অংশ নেন বলে অভিযোগ করেন আবদুল হান্নান মাসুদ।

এ বিষয়ে চানন্দী ইউনিয়ন বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক জহির উদ্দিন জানান, প্রকল্প বাজারে আমরা আমাদের বিএনপি’র অফিসে বসা অবস্থায় ছিলাম। আবদুল হান্নান মাসুদের সমর্থকরা হঠাৎ দেশীয় অস্ত্রসহ আমাদের নেতাকর্মীদের ওপর হামলা চালায়। অফিস ভাঙচুর করে। অনেককে কুপিয়ে আহত করেছে। আহতরা হলেন- চানন্দি ইউনিয়ন সাবেক সাংগঠনিক সম্পাদক আকবর, যুবদলের সহ-সভাপতি জাহের, স্বেচ্ছাসেবক দলের সভাপতি নুরুল করিম দিদার, যুবদল নেতা মোবারক, জুয়েল প্রমুখ। আহতরা হাসপাতালে চিকিৎসা নিচ্ছে। ঘটনায় জড়িতদের শাস্তির দাবি জানান বিএনপির এ নেতা। এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবু তৈয়ব মো. আরিফ হোসেন জানান, ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশের টিম পাঠানো হয়েছে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন