কাতারের সাবেক আমির শেখ হামাদ বিন খলিফা আল থানি ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৪ বছর। রোববার দেশটির আমিরের দপ্তর এক আনুষ্ঠানিক বিবৃতিতে তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করেছে।
বিবৃতিতে জানানো হয়, রোববার সকালে শেখ হামাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে আমিরের কার্যালয় বলেছে, জাতি একজন দূরদর্শী নেতাকে হারাল।
১৯৯৫ সালে কাতারের ক্ষমতায় আসেন শেখ হামাদ এবং ২০১৩ সাল পর্যন্ত টানা ১৮ বছর দেশ পরিচালনা করেন। তাঁর নেতৃত্বে প্রাকৃতিক গ্যাসসমৃদ্ধ কাতার অর্থনীতি, অবকাঠামো, শিক্ষা, সংস্কৃতি ও বৈদেশিক সম্পর্কের ক্ষেত্রে দ্রুত অগ্রগতি অর্জন করে। এই কারণে তাঁকে আধুনিক কাতারের অন্যতম প্রধান নির্মাতা হিসেবে বিবেচনা করা হয়। তিনি বর্তমান আমির শেখ তামিম বিন হামাদ আল থানির বাবা।
শেখ হামাদের আমলে কাতার বিশ্বের অন্যতম ধনী ও প্রভাবশালী রাষ্ট্রে পরিণত হয়। মধ্যপ্রাচ্য, উত্তর আফ্রিকা এবং এশিয়ার বিভিন্ন কূটনৈতিক ইস্যুতেও দেশটির সক্রিয় ভূমিকা আন্তর্জাতিক অঙ্গনে বিশেষ গুরুত্ব পায়।
২০২২ সালের ফিফা বিশ্বকাপ আয়োজনের মাধ্যমে কাতার বিশ্বমঞ্চে নতুনভাবে আলোচনায় আসে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত শেখ হামাদ দর্শকদের উষ্ণ অভ্যর্থনা ও করতালি লাভ করেছিলেন।
২০১৩ সালে স্বেচ্ছায় ক্ষমতা হস্তান্তরের বিরল নজির স্থাপন করে তিনি আমিরের দায়িত্ব ছেলে শেখ তামিম বিন হামাদ আল থানির কাছে তুলে দেন। সে সময় শেখ তামিমের বয়স ছিল মাত্র ৩৩ বছর।
