বন্যা পরিস্থিতি অব্যাহত থাকায় আগামী ১৬ই জুলাই পর্যন্ত চট্টগ্রাম বোর্ডের অনুষ্ঠিতব্য এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত করা হয়েছে। জেলা প্রশাসকদের সঙ্গে আলোচনার প্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেয়া হয়। শনিবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান, প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. মাহদী আমিন। তিনি বলেন, বন্যা পরিস্থিতি মোকাবিলায় সরকারের কার্যক্রম প্রধানমন্ত্রী সার্বক্ষণিক মনিটরিং করছেন। সরকারের দায়বদ্ধতা ও সর্বোচ্চ গুরুত্ব দিয়ে প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় বহুমুখী পদক্ষেপ নেয়া হয়েছে।
প্রধানমন্ত্রীর উপদেষ্টা আরও বলেন, দুর্গত এলাকায় প্রশাসনের সঙ্গে মিটিং করে জনগণের পাশে থাকার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। প্রতিটি মন্ত্রণালয় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন তার নির্দেশনা অনুযায়ী। দলীয় নেতাকর্মীদের ত্রাণ কার্যক্রমে অংশ নেয়ার জন্য বলেছেন তিনি।
এ বিষয়ে জানতে চাইলে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. পারভেজ সাজ্জাদ চৌধুরী বলেন, ১৬ই জুলাই পর্যন্ত পরীক্ষার স্থগিতের বিষয়ে নীতিগত সিদ্ধান্ত হয়েছে। স্থগিতের বিষয়টি বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেয়া হবে।
