ভারত ও বাংলাদেশের মধ্যকার ক্রিকেটীয় সম্পর্ক কি স্বাভাবিক হতে চলেছে? আসন্ন ভারত সিরিজকে নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মিডিয়া রাইটস টেন্ডার ঘিরে তৈরি হয়েছে নতুন এক আশার আলো। এই টেন্ডার প্রক্রিয়া আগামী কয়েকদিন চলবে। দীর্ঘ প্রায় এক বছর ধরে দুই দেশের মধ্যে কূটনৈতিক ও ক্রিকেটীয় সম্পর্কে টানাপোড়েন চলার পর, অবশেষে সম্পর্কের বরফ গলার সম্ভাবনা দেখা দিয়েছে। আগামী মাসে ভারত ও বাংলাদেশের মধ্যে একটি সাদা বলের দ্বিপাক্ষিক সিরিজ, তিনটি ওডিআই এবং তিনটি টি-টোয়েন্টি হওয়ার সম্ভাবনা এখন বেশ উজ্জ্বল।
বিসিবির একটি নির্ভরযোগ্য সূত্র জানায়, ‘ভারত আসছে, তাদের কাছ থেকেই সবুজ সংকেত পাওয়ার পরই আমরা প্রস্তুতি নিতে শুরু করেছি। বিসিবি সভাপতি সম্পর্কের ফাটল মেরামতের জন্য তার আন্তরিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। আশা করা হচ্ছে, তারা আগামী মাসের শেষ দিকেই বাংলাদেশে আসবে।’ অন্যদিকে অস্ট্রেলিয়াতে ২ ম্যাচের টেস্ট সিরিজ খেলতে দেশ ছাড়বে বাংলাদেশ দল। প্রথম ম্যাচ ১২ই আগস্ট। তবে কন্ডিশন ও প্রস্তুতি নিতে একটু আগেই যাচ্ছে টাইগাররা, এমনটাই জানিয়েছেন প্রধান নির্বাচক হাবিবুল বাশার সুমন।
বিসিবির প্রকাশিত সূচি অনুযায়ী, ভারতীয় দল শীঘ্রই ঢাকায় পৌঁছাতে পারে। ওডিআই ম্যাচগুলো সেপ্টেম্বরের ১, ৩ এবং ৬ এবং টি-টোয়েন্টি ম্যাচগুলো ৯, ১২ এবং ১৩ তারিখে মাঠে গড়ানোর কথা রয়েছে। অন্যদিকে ভারতের সংবাদ মাধ্যমকে বিসিসিআই সচিব দেবজিৎ সৈকিয়া জানিয়েছেন যে, বাংলাদেশ সরকারের সঙ্গে ভারতের কোনো সমস্যা নেই এবং তারা দ্বিপাক্ষিক সিরিজ খেলার ব্যাপারে ভারত সরকারের নির্দেশনাই অনুসরণ করবে। বিসিবি ভারতীয় সম্প্রচারকারীদের কাছে আসন্ন কয়েক বছরের জন্য তাদের হোম ইন্টারন্যাশনাল ক্রিকেট রাইটসের আগ্রহের প্রকাশ আহ্বান করেছে, যেখানে বিশেষভাবে ভারতের বাংলাদেশ সফরের কথা উল্লেখ করা হয়েছে। তবে ভারত সিরিজ নিয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি বাশার। তিনি বলেন, ‘এটি ক্রিকেট অপারেশনসের বিষয়। আমরা জানি ভারত আসবে, এর চেয়ে বেশি কিছু জানি না।’
এ মাসেই অস্ট্রেলিয়া যাচ্ছে বাংলাদেশ
অন্যদিকে দীর্ঘ ১৮ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে লাল বলের ক্রিকেটে মুখোমুখি হতে যাচ্ছে এই দু’দল। ক্রিকেট অস্ট্রেলিয়া ইতিমধ্যে এই বহুল প্রতীক্ষিত ২ ম্যাচের টেস্ট সিরিজের সূচি ও ভেন্যু চূড়ান্ত করেছে। সিরিজের প্রথম টেস্ট ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী ১২ থেকে ১৭ তারিখ ডারউইনের মারারা স্টেডিয়ামে, যেখানে অনেক বছর পর এই প্রথম কোনো আন্তর্জাতিক টেস্ট ম্যাচ আয়োজিত হতে যাচ্ছে। এরপর দ্বিতীয় টেস্ট ম্যাচটি ২১ থেকে ২৬ তারিখ কুইন্সল্যান্ডের ম্যাকাই শহরের গ্রেট ব্যারিয়ার রিফ এরিনা মাঠে অনুষ্ঠিত হবে। এই ভেন্যুটি ক্রিকেট ইতিহাসের এক নতুন সাক্ষী হতে যাচ্ছে। ডারউইনের গ্রীষ্মমণ্ডলীয় আবহাওয়া এবং ম্যাকাইয়ের উইকেট বাংলাদেশ দলের জন্য যেমন ধরনের চ্যালেঞ্জ তৈরি করবে, তেমনি নিজেদের প্রমাণ করার এক অনন্য সুযোগও এনে দেবে।
অস্ট্রেলিয়া সিরিজের জন্য দল ঘোষণা ও ১০ দিন আগেই সফরে যাওয়ার বিষয়ে প্রধান নির্বাচক বাশার বলেন, ‘অস্ট্রেলিয়াতে অনেক বছর পর টেস্ট খেলতে যাচ্ছে বাংলাদেশ। তাই প্রস্তুতি ও কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেয়ার বিষয় আছে। আমরা এই মাসেই অস্ট্রেলিয়া সিরিজের জন্য দল ঘোষণা করবো।’
