বিশ্বকাপের শেষ ষোলোতে আর্জেন্টিনার কাছে ৩-২ গোলে হেরে এক রাশ হতাশা নিয়ে দেশে ফিরেছে মিশর ফুটবল দল। বিমানবন্দরেই দলটির ফুটবলারদের রাজকীয় সংবর্ধনা দিয়েছে দেশটির জনগণ। দেশে ফেরার একদিন পরেই পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ বন্ধুদের সঙ্গে কিছুটা আনন্দঘন সময় কাটাতে দেখা গেছে মিশরের অধিনায়ক মোহাম্মদ সালাহকে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, খোলা কালো শার্ট, মাথায় উল্টো করে পরা ক্যাপ এবং হাস্যোজ্জ্বল অবস্থায় বন্ধুদের সঙ্গে উদযাপনে মেতে আছেন সালাহ।
চারপাশে উপস্থিত সবাই হাততালি দিচ্ছেন, উল্লাস করছেন এবং মুহূর্তটি মোবাইল ফোনে ধারণ করছেন। তবে ভিডিওটির সবচেয়ে আলোচিত বিষয় ছিল সালাহর হাতে থাকা পানীয়। তবে স্থানীয় সংবাদমাধ্যম ইজিপ্ট টুডে জানিয়েছে, সেটা কোনো ধরনের অ্যালকোহল নয়। একজন ধর্মপ্রাণ মুসলিম হিসেবে সালাহ দীর্ঘদিন ধরেই মদ্যপান থেকে বিরত থাকেন। ব্যক্তিগত জীবনেও শৃঙ্খলাবদ্ধ জীবনযাপনের জন্য তিনি পরিচিত।
বিশ্বকাপ থেকে বিদায়ের হতাশার মধ্যেও সেই নীতি থেকে একচুলও সরে যাননি তিনি। ভিডিওটি প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে অনেক ভক্ত সালাহর পেশাদারিত্ব ও আত্মনিয়ন্ত্রণের প্রশংসা করেছেন। অনেকেই মন্তব্য করেছেন, মৌসুম বিরতির আনন্দ উদযাপন করলেও নিজের বিশ্বাস ও জীবনধারার সঙ্গে কখনোই আপস করেন না মিশরের এই তারকা।
